০–২ থেকে ৫–৩, ইন্টারের দুর্দান্ত প্রত্যাবর্তন

শুরুতেই দুই গোল হজম করে বিপদে পড়েছিল সিরি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উদিনেজেকে ৫–৩ গোলে হারিয়েছে ক্রিস্তিয়ান কিভুর দল।
সান সিরোয় ম্যাচের মাত্র ৯ মিনিটে জেমস আবানকওয়ার গোলে এগিয়ে যায় উদিনেজে। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়ুর্গেন একেলেনকাম্প। ১৬ মিনিটেই ২–০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার।
তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ২৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে একটি গোল ফেরান কার্লোস অগুস্তো। ৩৫ মিনিটে কঠিন কোণ থেকে নিকোলো বারেলার গোলে সমতায় ফেরে ইন্টার। ২–২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ইন্টার। ৫৭ মিনিটে মার্কাস থুরামের গোলে প্রথমবার এগিয়ে যায় তারা। এরপর ৬৭ মিনিটে পিও এসপোসিতো ও ৭৯ মিনিটে আঞ্জ-ইয়োয়ান বনির গোল ব্যবধান ৫–২ করে দেয়।
যোগ করা সময়ে ইদ্রিসা গেই উদিনেজের হয়ে আরেকটি গোল করলেও সেটি শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫–৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সিরি আর শীর্ষে রোমার সঙ্গে সমানতালে আছে ইন্টার। রোমাও নিজেদের প্রথম চার ম্যাচ জিতেছে। পরের রাউন্ডেই স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হবে দুই দল।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ঘরোয়া ফুটবলে এই জয় ইন্টারের জন্য স্বস্তিরও। তার চেয়েও বড় বিষয়, ১৬ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়েও পাঁচ গোল করে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে কিভুর দল।


