Advertisement

ইনফান্তিনোবিরোধী চিঠি নিয়ে এএফসিকে চ্যালেঞ্জ কাতারের

এশিয়া পোস্ট স্পোর্টস
ইনফান্তিনোবিরোধী চিঠি নিয়ে এএফসিকে চ্যালেঞ্জ কাতারের
বাঁয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ডানে তাকে সমর্থন জানানো কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি। পুরোনো ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে প্রকাশ করা খোলা চিঠি নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে কাতার। সদস্য দেশগুলোর সম্মিলিত অবস্থান হিসেবে চিঠিটি প্রকাশ করা হলেও এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন।

Advertisement

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামাদ বিন খলিফা আল থানি এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার কাছে পাঠানো চিঠিতে এই আপত্তির কথা জানিয়েছেন। এএফসির নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলেরও সদস্য তিনি।

রয়টার্সের দেখা চিঠিতে আল থানি লিখেছেন, ‘সম্মিলিত অবস্থান আগে যাচাই করতে হয়। সেটি আগে থেকেই ধরে নেওয়া যায় না।’

আল থানির দাবি, খোলা চিঠিটি প্রকাশের আগে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনোভাবেই তার বা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মতামত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি, খসড়াও পাঠানো হয়নি।’

এএফসির ৪৭টি সদস্য সংস্থার পক্ষে কথা বলার অনুমোদন কীভাবে নেওয়া হয়েছিল, সেটিও জানতে চেয়েছে কাতার। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এএফসি।

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তীব্র বিরোধিতার মুখে পরে সেই পরিকল্পনা প্রত্যাহার করে নেয় ফিফা।

এরপর উয়েফা, এএফসি ও কনকাকাফ যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর আচরণের সমালোচনা করে তাকে পদত্যাগের আহ্বান জানায়। তবে কাতারসহ ছয়টি আরব দেশের ফুটবল ফেডারেশন আলাদা বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। এই বিরোধের মধ্য দিয়ে এএফসির অভ্যন্তরীণ বিভক্তিও প্রকাশ্যে এসেছে।

ইনফান্তিনোবিরোধী চিঠি নিয়ে এএফসিকে চ্যালেঞ্জ কাতারের