logo

ম্যাক অ্যালিস্টারের শেষ সময়ের গোলে লিভারপুলের জয়

ম্যাক অ্যালিস্টারের শেষ সময়ের গোলে লিভারপুলের জয়

প্রিমিয়ার লিগে নাটকীয় এক জয় তুলে নিয়েছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে শেষ মুহূর্তের গোলে ১–০ ব্যবধানে জিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট কুড়িয়েছে আর্নে স্লটের দল। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পা থেকে ম্যাচের ৯৭তম মিনিটে জয়সূচক গোলটি আসে ।

পুরো ম্যাচজুড়ে দুই দলই ছিল কিছুটা নিষ্প্রভ। প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে লিভারপুল কিছুটা ছন্দ ফিরে পেলেও গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৯২তম মিনিটে ম্যাক অ্যালিস্টার বল জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে সেই গোল বাতিল হয়। তবে হতাশ না হয়ে চাপ ধরে রাখে সফরকারীরা।

শেষ পর্যন্ত ইনজুরি টাইমের সপ্তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিখুঁত ফিনিশে গোল করে লিভারপুলকে জয় এনে দেন ম্যাক অ্যালিস্টার। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এটি তার প্রথম গোল।

এই জয়ে লিভারপুল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তাদের সমান পয়েন্ট এখন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির, যারা চতুর্থ স্থানের লড়াইয়ে রয়েছে। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের অবস্থা আরও জটিল হয়েছে। নতুন কোচ ভিটর পেরেইরার অভিষেক ম্যাচে হার দেখল দলটি। তারা এখন অবনমন অঞ্চলের ঠিক ওপরে, ওয়েস্ট হামের চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে।

চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিতের লড়াইয়ে লিভারপুলের জন্য এই জয় বড় প্রেরণা হয়ে থাকবে, আর ফরেস্টের জন্য সতর্কবার্তা—সময়ের আগেই ঘুরে দাঁড়াতে না পারলে বিপদ আরও বাড়বে।