logo

পেরুতে ফুটবল ডার্বির আগে স্টেডিয়ামে ‘রহস্যজনক’ ঘটনা, নিহত ১

পেরুতে ফুটবল ডার্বির আগে স্টেডিয়ামে ‘রহস্যজনক’ ঘটনা, নিহত ১

পেরুর রাজধানী লিমায় ফুটবল ডার্বিকে ঘিরে আয়োজিত এক সমাবেশে আকস্মিক এক ঘটনায় একজন নিহত ও অন্তত ৪৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো জানান, আহতদের মধ্যে ৩৯ জনকে লিমা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

— Alerta News 24 (@AlertaNews24) April 4, 2026

ঘটনার কারণ নিয়ে শুরুতে স্টেডিয়ামের কোনো অংশ ধসে পড়ার কথা বলা হলেও, পরে তা নাকচ করে দেয় আয়োজক ক্লাব আলিয়াঞ্জা লিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এটি দেয়াল ধস বা অবকাঠামোগত কোনো ত্রুটির কারণে হয়নি।

ফায়ার সার্ভিসের প্রধান মার্কোস পাজুয়েলোও একই তথ্য দিয়েছেন। তার ভাষ্য, স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারির কাঠামো স্বাভাবিক অবস্থায় ছিল, কোথাও ধস বা ভেঙে পড়ার চিহ্ন পাওয়া যায়নি।

ঠিক কী কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে সব অনিশ্চয়তার মধ্যেও আলিয়াঞ্জা পেরু ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের মধ্যকার নির্ধারিত ম্যাচ শনিবার রাতেই অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে পেরুর ফুটবল লিগ।

সূত্র: রয়টার্স