৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রোনালদিনহো

নিজ দেশের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালে। এরপর কেটে গেছে ১১ বছর। তবে এবার ৪৬ বছর বয়সে আবারও আনুষ্ঠানিক ম্যাচ খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তার নতুন ঠিকানা ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনা।
বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে ইতালির ফরলি বিমানবন্দরে পৌঁছান ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। এ সময় তার সঙ্গে ছিলেন রাভেনার সভাপতি ইগনাজিও চিপরিয়ানি। বৃহস্পতিবার রাতেই সমুদ্রসৈকতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্লাবের সমর্থকদের সামনে রোনালদিনহোকে উপস্থাপন করার কথা।
গত জুনে রোনালদিনহোকে খেলোয়াড় হিসেবে নিবন্ধনের ঘোষণা দিয়েছিল রাভেনা। ক্লাবটির পরিচালনা ও মালিকানা কাঠামোর সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি। তবে মাঠে তার উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন চিপরিয়ানি।
রাভেনা সভাপতি বলেন, ‘এটি লোক দেখানো কিংবা প্রচারণার কোনো কৌশল নয়। রোনালদিনহো রাভেনার শেয়ারহোল্ডার হবেন, সেটিই এই উদ্যোগের মূল বিষয়।’
এরপর রোনালদিনহোর মাঠে ফেরার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘শহর ও নতুন ক্লাবকে সে অসাধারণ একটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাভেনার হয়ে একটি আনুষ্ঠানিক পেশাদার ম্যাচ খেলবে সে। লক্ষ্য একটাই, নিজের ক্যারিয়ারের শেষ গোলটি করার চেষ্টা করা।’
রোনালদিনহো ঠিক কবে মাঠে নামবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে রাভেনার অন্তত একটি ঘরের লিগ ম্যাচে তার খেলা নিশ্চিত বলে আগেই জানিয়েছিলেন চিপরিয়ানি। প্রাক্-মৌসুম প্রস্তুতিতে অংশ না নেওয়ায় সোমবার রেজ্জিয়ানার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তিনি খেলবেন না।
রোনালদিনহো সর্বশেষ ইতালিতে খেলেছিলেন এসি মিলানের হয়ে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্লাবটিতে কাটানোর পর যোগ দেন ফ্ল্যামেঙ্গোতে। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা, আতলেতিকো মিনেইরো ও কেরেতারোর জার্সিও পরেছেন তিনি।
ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচ খেলা রোনালদিনহো ২০০২ সালে জিতেছিলেন বিশ্বকাপ। বার্সেলোনার হয়ে সাফল্যময় সময়ের মধ্যে ২০০৫ সালে জেতেন ব্যালন ডি’অর। এবার রাভেনার জার্সিতে আরেকবার সেই চেনা হাসি নিয়ে মাঠে নামার অপেক্ষায় ফুটবলবিশ্ব।



