Advertisement

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বললেন ওতামেন্দি

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনার জার্সিকে বিদায় বললেন ওতামেন্দি
নিকোলাস ওতামেন্দি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের হার দিয়েই শেষ হলো নিকোলাস ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনার জার্সিতে ১৭ বছরের পথচলায় ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় জানান ওতামেন্দি। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভাগ্যই তার শেষ ম্যাচ হিসেবে একটি বিশ্বকাপ ফাইনাল রেখেছিল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন ওতামেন্দি। তার বিশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু দিয়েছিল দল।

বিদায়ী বার্তায় ওতামেন্দি লেখেন, ‘আর্জেন্টিনা, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে দেওয়ার জন্য ধন্যবাদ।’

২০০৯ সালে দিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল ওতামেন্দির। এরপর জাতীয় দলের জার্সিতে ১৩৯ ম্যাচ খেলেছেন এই সেন্টারব্যাক। অংশ নিয়েছেন ২০১০, ২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপে।

তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে কাতারে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে প্রতিটি মিনিট মাঠে ছিলেন তিনি। এর বাইরে ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা জেতা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওতামেন্দি।

দীর্ঘ সময় আর্জেন্টিনা রক্ষণের অন্যতম নির্ভরযোগ্য মুখ ছিলেন তিনি। লিওনেল স্কালোনির অধীনে দলের সাফল্যের সময় মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জাতীয় দলকে বিদায় জানালেও এখনই পেশাদার ফুটবল ছাড়ছেন না ওতামেন্দি। ইউরোপে ১৬ বছরের অধ্যায়ে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলার পর সম্প্রতি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন তিনি।