নেইমার-রোনালদোকেও এমএলসে আনতে চান মেসি!

লিওনেল মেসি কি মেজর লিগ সকারকে (এমএলএস) নিজের তারকাখচিত ‘প্রাইভেট লিগ’ বানাতে চাইছেন? সাবেক ব্রাজিলিয়ান তারকা ক্লেবারসনের বিস্ফোরক মন্তব্যে এমন জল্পনাই জোরালো হয়েছে। তার দাবি— মেসি শুধু নেইমারকেই নয়, মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও যুক্তরাষ্ট্রে টেনে আনতে চান এবং ইন্টার মায়ামিকে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ‘ড্রিম টিম’ বানানোর পথে আছেন।
মেসির আগমনের পর থেকেই ইন্টার মায়ামির রং বদলেছে। সার্জিও বুসকেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেস ও রদ্রিগো ডে পল ইতোমধ্যে ফ্লোরিডায় যোগ দিয়েছেন। এখন লক্ষ্য আরও বড়—নেইমার ও রোনালদোকে এক ছাদের নিচে আনার স্বপ্ন দেখছে ক্লাবটি।
চোট সারাতে ব্রাজিলে ফিরে সান্তোসে নতুন চুক্তি করেছেন নেইমার, যা তাকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেখানে রাখবে। তবে ক্লেবারসন মনে করেন, বিশ্বকাপের পর নেইমারের গন্তব্য প্রায় নিশ্চিত— এমএলএস।
গোল.কমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি সবাইকে এমএলএসে আনতে চায়— সে যেন নিজের ব্যক্তিগত লিগ বানাচ্ছে! নেইমার এখন শুধু বিশ্বকাপের কথা ভাবছে। কিন্তু টুর্নামেন্টের পর তার কাছে এমএলএসই সবচেয়ে বাস্তব বিকল্প হবে।’
ইন্টার মায়ামি আবারও নেইমারের জন্য প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। মেসির সঙ্গে পুনর্মিলন হলে সেটি হবে আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত জুটি।
রোনালদোও কি আসছেন?
ক্লেবারসন শুধু নেইমারেই থামেননি। তিনি স্বপ্ন দেখছেন— এক মৌসুম হলেও রোনালদো ও মেসি একই দলে খেলবেন।
তার ভাষায়, ‘ভাবুন তো— মেসি, রোনালদো আর নেইমার একই ড্রেসিংরুমে! আমেরিকা পাগল হয়ে যাবে। তারা সব টিকিট বিক্রি করে দেবে।’
এদিকে সাবেক মার্কিন গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেল মনে করেন, ফিট থাকলে নেইমার এমএলএসের জন্য দারুণ সংযোজন হবে— খেলাধুলা ও ব্যবসা, দুই দিক থেকেই।
তিনি বলেন, ‘মেসি আসার আগে মায়ামিতে ফুটবলের এমন জোয়ার ছিল না। এখন শহরজুড়ে গোলাপি-কালো জার্সি। নেইমার এলে সেই উন্মাদনা দ্বিগুণ হবে।’
তবে তার মতে, চুক্তিতে পারফরম্যান্স ও ফিটনেসভিত্তিক শর্ত থাকা জরুরি।
ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামি এখন এমএলএসের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড। ২০২৫ সালে তারা ঐতিহাসিক এমএলএস কাপ জিতেছে এবং রিয়াল মাদ্রিদের মতো ‘গ্যালাক্টিকো’ মডেলে দল গড়তে চায়।
সব মিলিয়ে, মেসির মায়ামি শুধু একটি ক্লাব নয়— এখন বৈশ্বিক তারকাদের সম্ভাব্য শেষ গন্তব্য হয়ে উঠছে। আর যদি নেইমার ও রোনালদো সত্যিই যোগ দেন, তাহলে এমএলএস ইতিহাসের সবচেয়ে তারকাখচিত যুগে প্রবেশ করবে।