logo
Advertisement

মেসির গোলেও হারল মায়ামি

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসির গোলেও হারল মায়ামি
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

বল দখল, আক্রমণ কিংবা গোলের সুযোগ, প্রায় সব হিসাবেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। কিন্তু তিন মিনিটের এক ঝড়ে বদলে গেল ম্যাচের গল্প। লিওনেল মেসি ব্যবধান কমালেও টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারতে হলো মায়ামিকে।

Advertisement

বাংলাদেশ সময় রোববার সকালে নু স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তারকায় ভরা মায়ামির আক্রমণভাগ একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর রক্ষণ ভাঙতে পারেনি।

বিরতির পর ৫৯ মিনিটে মায়ামিকে প্রথম ধাক্কা দেন জশ সার্জেন্ট। তিন মিনিট পর ডেরিক এতিয়েন জুনিয়রের গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ম্যাচের নিয়ন্ত্রণে থাকা মায়ামি চোখের পলকেই পিছিয়ে পড়ে ২-০ গোলে।

৮২ মিনিটে স্বাগতিকদের আশা ফেরান মেসি। রদ্রিগো দি পলের পাস থেকে প্রথম স্পর্শেই বাঁ পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। এটি চলতি মৌসুমে তার ১৪তম গোল। ফিলাডেলফিয়ার বিপক্ষে আগের ম্যাচেও গোল করেছিলেন তিনি। তবে এবার শেষ মুহূর্তের চাপেও সমতাসূচক গোলটি পায়নি মায়ামি।

পরিসংখ্যান মায়ামির আক্ষেপ আরও বাড়াবে। ম্যাচে তাদের বলের দখল ছিল ৬২ শতাংশ। টরন্টোর ০.৫১-এর বিপরীতে মায়ামির প্রত্যাশিত গোল ছিল ১.৮৩। তিনটি বড় সুযোগও তৈরি করেছিল তারা, যেখানে টরন্টোর বড় সুযোগ ছিল না একটিও। তবে দুই দলের লক্ষ্যে রাখা শট ছিল সমান তিনটি করে। সুযোগ কাজে লাগানোর পার্থক্যই শেষ পর্যন্ত নির্ধারণ করেছে ফল।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি মায়ামির চতুর্থ হার। মাঝের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচের পরাজয়ের ধারায় বিরতি টেনেছিল তারা। কিন্তু জয়ের দেখা মিলল না এবারও।

২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলের দ্বিতীয় স্থানে থাকলেও মায়ামির সাম্প্রতিক ছন্দ এখন বড় চিন্তার কারণ। অন্যদিকে টানা চার ম্যাচ অপরাজিত থাকা টরন্টো মায়ামির মাঠে সপ্তম সফরে পেল প্রথম জয়।

মেসির গোলেও হারল মায়ামি