ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা

স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলাকে কোচ করার স্বপ্ন পূরণ হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। পরিবারকে সময় দেওয়া এবং ফুটবল থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্তে অটল থেকে আজ্জুরিদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।
শুক্রবার (২৪ জুলাই) ইতালির সংবাদ সংস্থা সূত্রের বরাতে গার্দিওলার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিকে তিনি জানিয়েছেন, প্রস্তাবটি তাকে ভাবিয়েছিল। তবে ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর কাটানোর পর আপাতত পরিবারকে সময় দিতে চান তিনি।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, মালদিনিকে গার্দিওলার উত্তর ছিল, ‘ধন্যবাদ, এতে আমি সম্মানিত। কিন্তু এই মুহূর্তে দায়িত্বটি নেওয়ার মতো অবস্থায় নেই।’
মালদিনি ও লিওনার্দো সরাসরি যোগাযোগ করার পর ইতালির প্রস্তাব নিয়ে কয়েক দিন ভেবেছিলেন গার্দিওলা। তাকে দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ফুটবলের বাইরে থেকে নিজের ও পরিবারের জন্য সময় বের করার ইচ্ছাই শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
জাতীয় দলের কোচের কাজের ধরন নিয়েও গার্দিওলার কিছু সংশয় ছিল। প্রতিদিন খেলোয়াড়দের সঙ্গে মাঠে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। জাতীয় দলের দায়িত্বে সেই সুযোগ সীমিত। কোনো দায়িত্ব নিলে শতভাগ সম্পৃক্ত থাকতে চান বলেই ইতালিকে এখনই সম্মতি দেননি এই স্প্যানিশ কোচ।
গার্দিওলাকে পেতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিজেদের প্রচলিত বেতনকাঠামোর বাইরে যাওয়ার কথাও বিবেচনা করেছিল। যদিও সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মালদিনির সঙ্গে আলোচনায় আর্থিক বিষয় পর্যন্ত পৌঁছানোর আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন গার্দিওলা।
এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টানেন ৫৫ বছর বয়সী গার্দিওলা। ইংলিশ ক্লাবটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।
টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। নতুন কোচের সন্ধানে গার্দিওলার আগে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালি। তবে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ।
গার্দিওলাও প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এখন ইতালির প্রধান লক্ষ্য সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। নেশনস লিগ শুরু হতে প্রায় আট সপ্তাহ বাকি থাকায় দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।
.png)





