logo
Advertisement

মেসিকে সম্মান জানানো নিয়ে রোজারিও ডার্বিতে বিতর্ক

মেসিকে সম্মান জানানো নিয়ে রোজারিও ডার্বিতে বিতর্ক
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে সম্মান জানানো নিয়ে মতভেদ তৈরি হয়েছে দেশটির ফুটবল দল রোজারিও সেন্ট্রালের সমর্থকদের একাংশের মধ্যে। রোববারের রোজারিও ডার্বিতে আর্জেন্টাইন মহাতারকাকে হাততালি দেওয়া হবে কি না, তা নিয়েই চলছে আলোচনা।

Advertisement

জাতীয় দল থেকে মেসির অবসরের পর তাকে সম্মান জানাতে এ সপ্তাহান্তে ম্যাচের দশম মিনিটে এক মিনিট হাততালির আয়োজন করা হয়েছে। ডেপোরটিভির তথ্য অনুযায়ী, ক্লাউসুরা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলের সব শ্রেণিতে এই উদ্যোগ থাকছে। পুরুষ ও নারীদের ফুটবল ছাড়াও ফুটসাল এবং সৈকত ফুটবল এর আওতায়।

রোববার নিজেদের মাঠ হিগান্তে দে আরোইতোতে নিউয়েলস ওল্ড বয়েজের মুখোমুখি হবে রোজারিও সেন্ট্রাল। মেসি নিউয়েলসের সমর্থক। ক্লাবটির সঙ্গে তার এই সম্পর্কই সেন্ট্রালের সমর্থকদের আলোচনার কেন্দ্রে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল সমর্থকদের বিভিন্ন অনলাইন মাধ্যমে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি মত আসছে। কেউ মেসিকে দুয়ো দেওয়ার কথা বলছেন, কেউ আবার হাততালিতে অংশ না নিয়ে নির্লিপ্ত থাকার পক্ষে।

অন্য একটি প্রস্তাবও এসেছে। দশম মিনিটে মেসিকে হাততালি দেওয়ার পর একাদশ মিনিটে আনহেল দি মারিয়ার নামে গ্যালারি মাতাতে চান কেউ কেউ। আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী দি মারিয়া রোজারিও সেন্ট্রালের সঙ্গে যুক্ত।

তবে ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে মেসিকে সম্মান জানানোর পক্ষেও আছেন সমর্থকেরা। তাদের আলোচনায় ফিরছে ২০২৩ সালের জুনে মাক্সি রদ্রিগেসের বিদায়ী ম্যাচের স্মৃতি। সেবার নিউয়েলসের মাঠেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সেন্ট্রালের দি মারিয়া।

এবার ডার্বির গ্যালারিতে শেষ পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখা যাবে, তা বোঝা যাবে ম্যাচের দিনই।