Advertisement

ভিনিসিয়ুসকে নিয়ে নাটকীয় মোড়, প্রস্তাব বাড়াল রিয়াল

এশিয়া পোস্ট স্পোর্টস
ভিনিসিয়ুসকে নিয়ে নাটকীয় মোড়, প্রস্তাব বাড়াল রিয়াল
ভিনিসিয়ুস জুনিয়র। পুরোনো ছবি

আর্সেনালে ভিনিসিয়ুস জুনিয়রের যাওয়া প্রায় নিশ্চিত, বুধবার এমন খবর ছড়িয়ে পড়েছিল ইউরোপীয় সংবাদমাধ্যমে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে গেল পরিস্থিতি। ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে আগের প্রস্তাবের অঙ্ক বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। খেলোয়াড় ও তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের সর্বশেষ বৈঠকও হয়েছে ইতিবাচক পরিবেশে।

Advertisement

দ্য অ্যাথলেটিকের নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অর্নস্টেইন জানিয়েছেন, ভিনিসিয়ুসের কাছে নতুন ও আগের চেয়ে বেশি অর্থের প্রস্তাব দিয়েছে রিয়াল। ক্লাবের পরিকল্পনায় ২৬ বছর বয়সী এই উইঙ্গারের গুরুত্ব প্রতিফলিত হয়েছে সংশোধিত প্রস্তাবে। তবে নতুন অঙ্কটি প্রকাশ করেননি তিনি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ভিনিসিয়ুসকে বছরে ২২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। বোনাসসহ অঙ্কটি ২৪ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠতে পারত। বিপরীতে খেলোয়াড়ের চাওয়া ছিল প্রায় ২৮ থেকে ৩০ মিলিয়ন ইউরো। দুই পক্ষের ব্যবধান কমাতেই এবার প্রস্তাব বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ভিনিসিয়ুস ও তার এজেন্টদের সঙ্গে রিয়ালের বৈঠকের পর ইতিবাচক খবর দিয়েছেন দলবদলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোও। তার তথ্য অনুযায়ী, বৈঠকটিকে সব পক্ষই খুব ইতিবাচক হিসেবে দেখছে। ভিনিসিয়ুস ও তার এজেন্সি রক নেশনের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চলছে। দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতেও বলেছে রিয়াল।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তিতে সই না করলে আগামী জানুয়ারি থেকেই অন্য ক্লাবের সঙ্গে আগাম চুক্তি করতে পারবেন তিনি। তাই বিনা মূল্যে অন্যতম সেরা তারকাকে হারানোর ঝুঁকি নিতে চায় না রিয়াল।


তবে ভিনিসিয়ুসকে পাওয়ার আশা এখনো ছাড়েনি আর্সেনাল। অর্নস্টেইনের মতে, ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে ইংলিশ ক্লাবটি। কোচ মিকেল আর্তেতা এই উদ্যোগে বড় ভূমিকা রাখছেন এবং ক্লাবের মালিকপক্ষও প্রয়োজনীয় অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে। রিয়ালের সঙ্গে সমঝোতা না হলে ভিনিসিয়ুস আর্সেনালে যেতে আগ্রহী বলেও বিশ্বাস লন্ডনের ক্লাবটির।

সব মিলিয়ে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ এখনো তিনটি সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন, বর্তমান চুক্তির শেষ পর্যন্ত অপেক্ষা অথবা চলতি দলবদলেই আর্সেনালে যোগ দেওয়া। অর্নস্টেইনের হিসাবে লড়াইটি এখনো সমানে সমান। তবে রিয়ালের নতুন প্রস্তাব ও ইতিবাচক বৈঠকের পর সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর থেকে যাওয়ার সম্ভাবনাই নতুন করে জোরালো হয়েছে।