সমঝোতা না হওয়ায় বাতিল স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ফিনালিসিমা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি ও সময়সূচি নিয়ে জটিলতার কারণে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ বাতিল করা হয়েছে।
ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার মধ্যে ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
ম্যাচটি বাঁচানোর জন্য বিকল্প পরিকল্পনা খুঁজতে চেষ্টা করে উয়েফা। প্রথম প্রস্তাব ছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে একই তারিখে ম্যাচ আয়োজন করা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এরপর দুই লেগে ম্যাচ আয়োজনের আরেকটি পরিকল্পনা দেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী একটি ম্যাচ মাদ্রিদে এবং অন্যটি বুয়েনোস আইরেসে খেলার কথা ছিল। কিন্তু এই প্রস্তাবও আর্জেন্টিনা গ্রহণ করেনি।
উয়েফা আরও প্রস্তাব দেয়, ইউরোপে কোনো নিরপেক্ষ ভেন্যু পাওয়া গেলে ২৭ মার্চ বা বিকল্প হিসেবে ৩০ মার্চ ম্যাচটি আয়োজন করা যেতে পারে। কিন্তু সেটিও সম্ভব হয়নি।
পরে আর্জেন্টিনা ম্যাচটি বিশ্বকাপের পর আয়োজনের প্রস্তাব দিলেও স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটি বাস্তবায়নযোগ্য ছিল না। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩১ মার্চ ম্যাচ খেলতে আগ্রহ দেখায়, কিন্তু সেই তারিখও বাস্তবসম্মত হয়নি।
ফলে দীর্ঘ আলোচনা ও নানা বিকল্প চেষ্টা সত্ত্বেও এই আসরের ফাইনালিসিমা বাতিল করার সিদ্ধান্ত নেয় উয়েফা।
উয়েফা ও কনমেবল যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়। সর্বশেষ ২০২২ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩–০ ব্যবধানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল