Advertisement

কলকাতায় ভারত-ব্রাজিল মহারণ, তারিখও চূড়ান্ত

এশিয়া পোস্ট স্পোর্টস
কলকাতায় ভারত-ব্রাজিল মহারণ, তারিখও চূড়ান্ত
ব্রাজিল ফুটবল দল। ছবি: রয়টার্স

কয়েক দিনের জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার ম্যাচটির ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিছুক্ষণের মধ্যেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সূচি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও। আনুষ্ঠানিক নাম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন হলেও ভেন্যুটি সল্ট লেক স্টেডিয়াম নামেই বেশি পরিচিত।

এটি হবে ভারতের মাটিতে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের প্রথম ম্যাচ। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিলই হবে র‌্যাঙ্কিং চালু হওয়ার পর ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ অবস্থানের দল।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম মাঠে নামা অবশ্য হবে অস্ট্রেলিয়ায়। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। এরপর কলকাতায় এসে ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।

এআইএফএফের উপ-মহাসচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘ব্রাজিলের মতো একটি দলকে আমাদের দেশে স্বাগত জানানো অসাধারণ এক মুহূর্ত। এটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’

জাতীয় দল বিভাগের পরিচালক সুব্রত পাল মনে করেন, ভারতীয় ফুটবলারদের জন্য এটি শুধুই আরেকটি প্রীতি ম্যাচ নয়। ইতিহাসের অন্যতম সফল ফুটবল শক্তির বিপক্ষে নিজেদের পরীক্ষা করার বিরল সুযোগ পাবেন তারা।

ভারতে ব্রাজিলের বিপুল সমর্থকগোষ্ঠীর কথাও নিজেদের ঘোষণায় উল্লেখ করেছে সিবিএফ। সংস্থাটি জানিয়েছে, ব্রাজিলের বাইরে সেলেসাওদের সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীর একটি রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটির মানুষ ব্রাজিলের ফুটবলকে ভালোবাসায় অনুসরণ করছে।

বিশ্বকাপ-পরবর্তী সময়ে নতুন প্রজন্মকে ঘিরে দল সাজানোর পরিকল্পনা করছেন আনচেলত্তি। তবে ভারত ম্যাচের জন্য ব্রাজিলের খেলোয়াড় তালিকা এখনো ঘোষণা করা হয়নি। ম্যাচ শুরুর সময় ও টিকিট বিক্রির বিস্তারিতও পরে জানানো হবে।

কলকাতায় ম্যাচটি হওয়ায় বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমান্তের কাছাকাছি শহরটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখার সুযোগটি তাদের জন্যও বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।