ঢাবিতে বিশ্বকাপজয়ী জার্মান তারকা মেসুত ওজিল

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময় অনেকটা নীরবেই বাংলাদেশে এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় ২০১৪ বিশ্বকাপজয়ী এই সাবেক তারকাকে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে একটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তিনি সেখানে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, তুরস্ক সরকারের সহযোগিতায় পরিচালিত ‘টিকা’ নামের একটি প্রকল্পের আওতায় মর্তুজা মেডিকেল সেন্টারের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ওজিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রকল্পটি মেডিকেল সেন্টারের উন্নয়নে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে ওজিলের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে। আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) সেখানে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর একই রাতে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সফরে তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে উপস্থিত আছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
তুর্কি বংশোদ্ভূত মেসুত ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ২৩টি গোল। ২০২৩ সালে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকশেহিরে খেলার সময় তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেন। পরবর্তীতে ২০২৫ সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন।