logo

আর্সেনালের মাঠে ঝড় তুলল ইউনাইটেড, শিরোপা লড়াইয়ে নতুন রোমাঞ্চ

আর্সেনালের মাঠে ঝড় তুলল ইউনাইটেড, শিরোপা লড়াইয়ে নতুন রোমাঞ্চ

এমিরেটস স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে বড় চমক দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডরগু ও মাথেউস কুনহার দুর্দান্ত দুটি দূরপাল্লার গোলেই মূলত ম্যাচের মোড় ঘুরে যায়। 

ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় আর্সেনাল। চাপের মুখেই প্রথম গোল পায় স্বাগতিকরা। বুকায়ো সাকার ক্রস থেকে মার্টিন ওডেগার্ডের শট অনিচ্ছাকৃতভাবে নিজের জালে পাঠান ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। এতে এগিয়ে যায় গানার্সরা।

তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলেও সমতা ফেরান ব্রায়ান এমবেউমো। মার্টিন জুবিমেন্ডির ভুল পাস কাজে লাগিয়ে গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে আগুন লাগান প্যাট্রিক ডরগু। ব্রুনোর পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তার বিধ্বংসী ভলি পোস্ট ছুঁয়ে জালে জড়িয়ে যায়—এমিরেটসে নেমে আসে স্তব্ধতা।

সমতায় ফেরার আশায় চারটি পরিবর্তন আনেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শেষ পর্যন্ত সেট পিস থেকেই সমতা ফেরান মিকেল মেরিনো। কর্নার থেকে বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় কাছ থেকে গোল করে ম্যাচে ফেরান গানার্সদের।

কিন্তু শেষ কথা বলেন মাথেউস কুনহা। বদলি হিসেবে নেমে বল পেয়ে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন কার্লিং শটে রায়াকে পরাস্ত করেন তিনি। নাটকীয় সেই গোলে নিশ্চিত হয় ইউনাইটেডের স্মরণীয় জয়।

এই জয়ে টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ম্যানচেস্টার ইউনাইটেড, আর আর্সেনালের শিরোপা দৌড়ে পড়েছে বড় ধাক্কা। এমিরেটসে এই হারের প্রভাব প্রিমিয়ার লিগের শীর্ষ লড়াইয়ে দীর্ঘদিন অনুভূত হতে পারে।