মেসির জন্যই মায়ামিকে বেছে নেন কাসেমিরো
-473da7.webp)
একসময় লিওনেল মেসিকে থামানোই ছিল তার বড় দায়িত্ব। রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে আর্জেন্টাইন তারকার পথ আটকে দাঁড়াতেন কাসেমিরো। সেই পুরোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই খেলার স্বপ্ন এবার ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে এসেছে ইন্টার মায়ামিতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারেে মায়ামিতে যোগ দিয়েছেন কাসেমিরো। বৃহস্পতিবার নু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয় মেজর লিগ সকারের ক্লাবটি।
উপস্থাপনা অনুষ্ঠানে কাসেমিরো জানিয়েছেন, ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও মেসির সঙ্গে খেলার সুযোগই তাকে মায়ামির দিকে টেনেছে।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘সব খেলোয়াড়ই সর্বকালের সেরাদের সঙ্গে খেলার স্বপ্ন দেখে। মেসির সঙ্গে খেলে আমি সেই স্বপ্নই বাঁচছি। আমি তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই। সে একজন বিজয়ী এবং তার পাশে আরও একজন এসেছে, যে জিততে ও লড়াই করতে চায়।’
বার্সেলোনায় মেসি এবং রিয়াল মাদ্রিদে কাসেমিরো থাকার সময় বহুবার মুখোমুখি হয়েছেন তারা। মাঝমাঠে আর্জেন্টাইন তারকাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে প্রায়ই সতীর্থদের সাহায্য নিতে হতো বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
কাসেমিরো বলেন, ‘প্রতিদিনই তার পাশে খেলার স্বপ্ন দেখেছি। আমি জানি, তাকে থামানো অসম্ভব। কখনো একা তাকে থামাতে পারিনি, সব সময় সতীর্থদের সাহায্য প্রয়োজন হয়েছে।’
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এরই মধ্যে মেসির সঙ্গে দুটি অনুশীলন সেশন করেছেন কাসেমিরো। প্রতিপক্ষ হিসেবে যে অভিজ্ঞতা হয়েছিল, সতীর্থ হওয়ার পরও সেটির কোনো পরিবর্তন দেখছেন না তিনি।
‘দুটি অনুশীলনেই বুঝেছি, এখনো তাকে থামানো অসম্ভব। তবে এবার তার পাশে থাকতে পেরে আমি খুব খুশি। তার সঙ্গে আরও অনেক কিছু জিততে চাই’, বলেন পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রস্তাব পেয়েছিলেন কাসেমিরো। তবে নিজের পছন্দের গন্তব্যেই এসেছেন বলে দাবি তাঁর।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমি যেখানে থাকতে চেয়েছি, সেখানেই আছি। সেরার সঙ্গে খেলতে এসেছি। মেসি ফুটবলের দেবতাদের একজন, কিংবা হয়তো ফুটবলের দেবতাই।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন কাসেমিরো। চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ইতিমধ্যে মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে নতুন ক্লাবের হয়ে অভিষেক হয়েছে তাঁর।
২০২৫ সালের শেষে সের্হিও বুসকেতস অবসর নেওয়ার পর মাঝমাঠে অভিজ্ঞ একজন নিয়ন্ত্রকের অভাব অনুভব করছিল মায়ামি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে খেলা কাসেমিরোকে দিয়ে সেই শূন্যতা পূরণের আশা করছে ক্লাবটি।
.png)





