বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে এবার ব্যাখ্যা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের দাম নির্ধারণে স্থানীয় বাজারের বাস্তবতাকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
নিউইয়র্কে এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ ফিফার জন্য মূলত একমাত্র বড় আয়ের উৎস, যা চার বছর পরপর এক মাসে অনুষ্ঠিত হয়। সেই আয় দিয়েই পরবর্তী চার বছর বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে বিনিয়োগ করা হয়। তার ভাষায়, ‘বিশ্বকাপ থেকেই আমরা রাজস্ব পাই, আর সেই অর্থই ২১১টি দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।’
তিনি আরও জানান, ফিফা একটি অলাভজনক সংস্থা। তাই বিশ্বকাপ থেকে অর্জিত অর্থের বড় অংশই বিভিন্ন দেশে ফুটবল কাঠামো গড়ে তোলার কাজে ব্যবহার করা হয়। অনেক দেশই এই সহায়তা ছাড়া ফুটবল কার্যক্রম চালাতে পারত না বলেও উল্লেখ করেন তিনি।
তবে বাস্তবতা হলো, টিকিটের দাম ইতোমধ্যেই ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটও হাজার ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে, আর ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে কয়েক হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত।
সমালোচনার পর ফিফা সীমিত পরিসরে কম দামের টিকিটের ব্যবস্থা করেছে, যেখানে প্রায় ৬০ ডলারের একটি ক্যাটাগরিও রাখা হয়েছে। তবে সেটি মোট টিকিটের খুবই ছোট অংশ।
ইনফান্তিনো উত্তর আমেরিকাকে “বিশেষ বাজার” হিসেবে উল্লেখ করে বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও চাহিদা বিবেচনায় রেখেই মূল্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ম্যাচ হবে ১০৪টি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে।