কর্নার নিতে গিয়ে ইয়ামালকে বলা হলো, মরক্কোতে চলে যাও

মাঠে খেলা চলছিল স্বাভাবিক ছন্দেই। কিন্তু এক মুহূর্তে সেটি ছাপিয়ে যায় গ্যালারির কণ্ঠ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কর্নার নিতে গিয়ে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য ছোড়া হয়।
গ্যালারির একাংশ থেকে তাকে উদ্দেশ করে বলা হয়, ‘মরক্কোতে চলে যাও।’ সঙ্গে ছিল আরও কিছু কটূক্তি, যা পরিস্থিতিকে অস্বস্তিকর করে তোলে।
উল্লেখ্য, ইয়ামালের পারিবারিক শিকড় মরক্কোর সঙ্গে যুক্ত। সে কারণেই এই মন্তব্যকে অনেকেই সরাসরি বিদ্বেষমূলক বলেই দেখছেন।
ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সাম্প্রতিক প্রেক্ষাপটে। কয়েক দিন আগেই জাতীয় দলের ম্যাচে মুসলিমবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ইয়ামাল। সে ঘটনার পর আবারও তাকে ঘিরে এমন মন্তব্য সামনে আসায় প্রশ্ন উঠছে মাঠের বাইরের পরিবেশ নিয়ে।
ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা এই মন্তব্য করেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।