বার্সেলোনার নির্বাচনে অনুমতি ছাড়াই ব্যবহার হচ্ছে মেসির নাম

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসির নাম। তবে তা মেসির নিজের ইচ্ছায় নয়। বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণায় আর্জেন্টাইন তারকার নাম ও ভাবমূর্তি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে, যদিও মেসি শুরু থেকেই নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে থাকার অবস্থান নিয়েছেন।
মেসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নির্বাচন চলাকালে কোনো প্রার্থী বা পক্ষের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা নেই তার। এমনকি সক্রিয় বা পরোক্ষ সমর্থনও দেবেন না। নির্বাচনি প্রচারে নিজের নাম টানা হচ্ছে—এ নিয়ে তিনি সন্তুষ্ট নন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
প্রেসিডেন্ট প্রার্থী মার্স সারিয়া বার্সেলোনা শহরের একটি ভবনে ‘আবার তোমাকে দেখার অপেক্ষায়’ লেখা ব্যানার টাঙান। সেখানে মেসির নাম সরাসরি না থাকলেও ইঙ্গিত ছিল স্পষ্ট। ব্যানারটি মেসির অনুমতি ছাড়াই দেওয়া হয়েছিল বলে জানা গেছে। সারিয়া মেসির প্রত্যাবর্তনকে তার প্রচারের মূল প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরলেও মেসি তাতে সাড়া দেননি।
আরেক প্রার্থী ভিক্টর ফন্টও মেসির ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও সরাসরি কোনো সংযোগ স্থাপন সম্ভব হয়নি। ফন্ট পরে দাবি করেন, অতীতে যোগাযোগ হয়েছিল, তবে তা মেসির সঙ্গে সরাসরি নয়।
বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা সাম্প্রতিক মন্তব্যে মেসির ক্লাব ছাড়ার প্রসঙ্গ ও সম্ভাব্য টেস্টিমোনিয়াল ম্যাচ নিয়ে কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, টেস্টিমোনিয়াল আয়োজনের সিদ্ধান্ত এখন মেসির ওপরই নির্ভর করছে। তবে এখন পর্যন্ত এই ইস্যুতে কেবল লাপোর্তার বক্তব্যই সামনে এসেছে; মেসির অবস্থান প্রকাশ্যে জানা যায়নি।
বার্সেলোনার রাজনৈতিক লড়াইয়ে তাই মেসি এক প্রকার ‘নীরব উপস্থিতি’। মাঠের বাইরে থেকেও তার নামই যেন সবচেয়ে বড় ইস্যু—যদিও তিনি নিজে থাকতে চান সম্পূর্ণ নিরপেক্ষ।
সূত্র : মার্কা