রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ডেডলাইন স্কোয়াড

টাইব্রেকারে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬-এর শিরোপা জিতেছে ডেডলাইন স্কোয়াড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর অ্যাথলেটস হাব বাই এমজিআই মাঠে রিমার্ক-হারল্যান গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।
ছয় দলের এই প্রতিযোগিতায় ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্স ছাড়াও অংশ নেয় সাইবার প্রাঙ্ক, রিমার্ক রেঞ্জার্স, এফসি স্পার্টান ও হারল্যান ভাইকিংস। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারে নির্ধারিত হয় শিরোপার ভাগ্য।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও কে এম সাদমান সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজন প্রসঙ্গে শাহরিয়ার আলম শুভ বলেন, ‘কর্মক্ষেত্রের বাইরেও এমন ক্রীড়া আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখে।’
এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ব্যক্তিগতভাবে বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেন তিনি।

