বিশ্বকাপের আগে প্রতিপক্ষ খুঁজে পেল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বাতিল হওয়া ফিনালিসিমার পরিবর্তে ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসে এবং এটি বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিকভাবে রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওই দিনে কনসার্ট থাকায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে ঐতিহাসিক লা বোম্বোনেরা—বোকা জুনিয়র্সের মাঠেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বিশ্বকাপের আগে দেশের দর্শকদের সামনে দলকে বিদায় জানানোর জন্য এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। কোচ লিওনেল স্কালোনির জন্যও এটি হবে স্কোয়াড চূড়ান্ত করার আগে শেষ পরীক্ষা।
জুন মাসে ফিফার উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এই ম্যাচই হবে ঘরের মাঠে সমর্থকদের সঙ্গে শেষ দেখা, যা ঘিরে বাড়তি আবেগ কাজ করছে দল ও দর্শকদের মধ্যে।