logo

চীনের বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামছে বাংলাদেশ 

চীনের বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামছে বাংলাদেশ 

ঐতিহাসিক এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। ২১তম এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নামার আগে একাদশ ঘোষণা করে চমক দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমাকে বেঞ্চে রেখে তরুণ মিলি আক্তারের হাতে তুলে দিয়েছেন পোস্ট রক্ষার দায়িত্ব।

দলীয় সূত্র জানায়, চীনের লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী আক্রমণভাগ বিবেচনায় মিলির উচ্চতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বড় মঞ্চে শুরু থেকেই সুযোগ পাওয়াটা মিলির জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি আস্থার বার্তাও।

কৌশলে স্পষ্ট রক্ষণাত্মক ভাবনা। প্রথাগত চার ডিফেন্ডারের বদলে পাঁচজনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন মিলে গড়বেন প্রতিরোধের প্রাচীর। পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে—প্রথম লক্ষ্য গোল না খাওয়া; সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণে চমক।

মাঝমাঠে ভারসাম্য ও ট্রানজিশনের দায়িত্বে থাকবেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেলাহ মারমা। রক্ষণ থেকে আক্রমণে বল তোলার সেতুবন্ধন গড়াই তাদের প্রধান কাজ। একমাত্র স্ট্রাইকার হিসেবে শামসুন্নাহার জুনিয়রকে লড়তে হবে চীনের লম্বা-চওড়া ডিফেন্ডারদের বিপক্ষে।

সুইডেন-প্রবাসী আনিকা রানিয়াকে নিয়ে আগ্রহ থাকলেও তাকে শুরুতে দেখা যাবে না; প্রয়োজনে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: মিলি আক্তার

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা

স্ট্রাইকার: শামসুন্নাহার জুনিয়র