বিশ্বকাপের টিকিট পেতে বাফুফের সহায়তা চান সাকিব

ঘনিয়ে আসছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হওয়া এই বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাপ ম্যাচ মাঠে বসে দেখার ইচ্ছা আছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানের। তবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টিকিটের দাম এত বেশি যে নিজের পরিকল্পনা নিয়ে মজার সুরেই কথা বললেন সাকিব। সাঈদ জামানের ইউটিউব চ্যানেল ‘সিম্পলি সাঈদ’-এর পডকাস্ট অফস্ক্রিন উইথ সাইদ জামানে সাকিব জানিয়েছেন, সুযোগ পেলে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছ থেকে টিকিটের ব্যবস্থা করার অনুরোধ করবেন তিনি।
সাকিব এখন যুক্তরাষ্ট্রে থাকেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তাই তার প্রিয় দল আর্জেন্টিনার খেলা সরাসরি দেখার সুযোগ সামনে আছে। কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা টিকিটের দাম।
সাকিব বলেন, ‘টিকিট প্রচণ্ড এক্সপেনসিভ এখানে। কোনো মাধ্যমে পেলে দেখি, চেষ্টা করব বাফুফেকে রিকোয়েস্ট করার, আমাকে দুইটা টিকিট দেওয়া যায় কি না। যদি সেটা পাই, তাহলে হয়তো দেখতে যাব। কারণ ইউএসএতে টিকিট প্রচণ্ড এক্সপেনসিভ।’
সঞ্চালক মজা করে বলেন, তাকে টিকিট দিলে দেশে আবার ‘দোসর’ বলা হতে পারে। উত্তরে সাকিবও হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘একটু গোপনে যদি কেউ করে।’
টিকিট কেনা নিয়ে অবশ্য সাকিবের অস্বস্তির কথাও উঠে আসে আলাপে। ছোটবেলা থেকে মানুষ তার খেলা দেখতে মাঠে এসেছে, তাই নিজে টিকিট কেটে খেলা দেখতে যাওয়াটা তার কাছে একটু অস্বস্তিকর লাগে বলে জানান তিনি।
সাকিব বলেন, ‘ছোটবেলা থেকেই তো আমার খেলা মানুষ দেখতে এসেছে। এখন আমি টিকিট কেটে খেলা দেখতে যাব, কেমন যেন একটু আনকমফোর্টেবল লাগে। হয়তো অভ্যাস হয়ে যাবে নেক্সট ওয়ার্ল্ড কাপ আসতে আসতে।’
সাকিবের আর্জেন্টিনা-প্রীতি পুরোনো। তবে তিনি পরিষ্কার করেছেন, আর্জেন্টিনাকে সমর্থন করা মানে ব্রাজিলকে ঘৃণা করা নয়। তার পছন্দের তালিকায় মেসি থাকলেও রোনালদোর খেলাও ভালো লাগে। নেইমার, রোনালদিনিও ও এমবাপ্পের খেলাও তিনি উপভোগ করেন।
সাকিব বলেন, ‘আমি সাপোর্ট করি আর্জেন্টিনা, দ্যাট ডাজেন্ট মিন যে আমি হেট করি ব্রাজিল। একটা দলকে আমি সাপোর্ট করতেই পারি। তার মানে এই না যে অন্য দলকে হেট করব।’
বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল, মেসি-রোনালদো কিংবা সাকিব-তামিম ভক্তদের বিভাজন নিয়েও কথা বলেছেন সাকিব। তার মতে, কাউকে পছন্দ করলে অন্য কাউকে ঘৃণা করতেই হবে, এমন ধারণা থেকে বের হওয়া দরকার।
আসন্ন বিশ্বকাপে ফেবারিট হিসেবে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের নাম বলেছেন সাকিব। তবে মাঠে বসে বিশ্বকাপ দেখা হবে কি না, সেটি এখনো নির্ভর করছে টিকিটের ওপরই। তার কথায়, টিকিটের দাম বেশি, তবে ব্যবস্থা হলে মেসিদের খেলা দেখতে যেতে আপত্তি নেই।