logo

ঐতিহাসিক ম্যাচের প্রথমার্ধেই ভারতকে দুই গোল ব্রাজিলের

ঐতিহাসিক ম্যাচের প্রথমার্ধেই ভারতকে দুই গোল ব্রাজিলের
ছবি: এনডিটিভি

শুরুতে বেশ কিছুক্ষণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে রেখেছিল ভারত। কিন্তু চাপ যত বেড়েছে, ততই কঠিন হয়েছে স্বাগতিকদের কাজ। শেষ পর্যন্ত এস্তেভাও ও পেদ্রোর গোলে কলকাতার ঐতিহাসিক প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল।

শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে মুখোমুখি হয়েছে ভারত ও ব্রাজিল। ভারতের জন্য এটি ফিফার র‌্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের কোনো দলের বিপক্ষে ম্যাচ।

প্রত্যাশামতো শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় কার্লো আনচেলত্তির দল। তবে প্রথমদিকে বেশ সংগঠিত ছিল ভারতের রক্ষণ। সপ্তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর কর্নার থেকে মার্কিনিওসের হেডও অল্পের জন্য বাইরে যায়।

ভারতও একেবারে রক্ষণে আটকে থাকেনি। সপ্তম মিনিটে লালেংমাউইয়া ‘আপুইয়া’ রালতের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের আক্রমণের চাপও বাড়তে থাকে।

সেই চাপের ফল আসে ২৮ মিনিটে।

ডান দিক থেকে মাতেউজিনিওর বাড়ানো বল পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন এস্তেভাও। বল চলে যায় জালের ওপরের কোণে। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। ভিনিসিয়ুসকে ঘিরে ভারতের রক্ষণকে বারবার ব্যস্ত থাকতে হয়েছে। অন্যদিকে ডান প্রান্তে এস্তেভাওও তৈরি করেছেন একের পর এক বিপজ্জনক মুহূর্ত।

বিরতির তিন মিনিট আগে দ্বিতীয় গোলটি পায় ব্রাজিল। এবার গোলদাতা পেদ্রো। এস্তেভাওয়ের তৈরি করা আক্রমণ থেকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলটিতে ভারতের গোলকিপারের ভুল ছিল চোখে পড়ার মতো।

প্রথমার্ধে বলের দখল ছিল ব্রাজিলের ৬২ শতাংশ। ১১টি শট নিয়েছে আনচেলত্তির দল, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে ভারতের দুটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

তারপরও প্রথমার্ধের বড় একটা সময় পর্যন্ত ব্রাজিলকে আটকে রেখে লড়াই করেছে খালিদ জামিলের দল। কিন্তু এস্তেভাওয়ের প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।