লরিয়াস জিতে মেসিকে আদর্শ মানলেন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছেন লামিনে ইয়ামাল। এবার তার ঝুলিতে যোগ হলো লরিয়াস ওয়ার্ল্ড ইয়াং অ্যাথলেট অব দ্য ইয়ার পুরস্কার। এই সম্মান পাওয়ার পর নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে আবারও সামনে আনলেন লিওনেল মেসির নাম।
মাদ্রিদে এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, মেসি শুধু ফুটবলের সেরা নন, তার দৃষ্টিতে তিনি ইতিহাসের সেরা ক্রীড়াবিদ। তিনি মেসিকে একজন আদর্শ, অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন।
ইয়ামালের ভাষায়, কোনো খেলোয়াড় যখন নিজের খেলাকে ছাড়িয়ে অন্য সব খেলাতেও সম্মান আদায় করতে পারেন, তখনই বোঝা যায় তিনি কতটা বড়। সেই জায়গাতেই মেসিকে তিনি আলাদা করে দেখেন। তার মতে, মেসি শুধু একজন আইডল নন, বরং এমন একজন যাকে সবাই শ্রদ্ধা করে।
এফসি বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড আরও বলেন, তিনি মেসির পথ অনুসরণ করতে চান। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আচরণ ও ব্যক্তিত্বেও মেসির কাছ থেকে শেখার আছে বলে মনে করেন তিনি।
পুরস্কার জয়ের অনুভূতি নিয়েও কথা বলেছেন ইয়ামাল। তার মতে, এত অল্প বয়সে এমন স্বীকৃতি পাওয়া গর্বের বিষয়। তবে এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। কারণ অনেক তরুণ এখন তাকে অনুসরণ করে। তিনি স্বীকার করেন, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকেই শেখার চেষ্টা করছেন।
আগামী লক্ষ্য নিয়েও স্পষ্ট এই তরুণ তারকা। আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছেন বলে জানান ইয়ামাল। গ্যালারিতে মাকে বসে খেলা দেখানোর ইচ্ছার কথাও উল্লেখ করেন।
সবশেষে, শিরোপা জয়ের স্বপ্নও লুকাননি তিনি। সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর সেই মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত হচ্ছেন লামিনে ইয়ামাল।