logo

ম্যাচ হারের পর ইউনাইটেড কর্তাদের ওপর ক্ষোভ ঝাড়লেন লিসান্দ্রো

ম্যাচ হারের পর ইউনাইটেড কর্তাদের ওপর ক্ষোভ ঝাড়লেন লিসান্দ্রো
ম্যাচের পর দলের কর্তাদের নিয়ে ক্ষোভে প্রকাশ করেন লিসান্দ্রো। ছবি: গেটি ইমেজ

মাঠে একের পর এক ব্যর্থতা, এবার ক্লাবের দলবদল নীতি নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন লিসান্দ্রো মার্তিনেজ। আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার সরাসরি প্রশ্ন তুলেছেন ক্লাব কর্তাদের ভূমিকা নিয়ে। তার মতে, গত মৌসুমের সাফল্যের পর আরও শক্তিশালী দল গড়ার সুযোগ ছিল ইউনাইটেডের। কিন্তু দলবদলের বাজারে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে আতলেটিকোর মাঠে ২-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচের মাত্র ৫৩ সেকেন্ডে পাবলো বারিওসের গোলে পিছিয়ে পড়ে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরোর লাল কার্ডে আরও বিপদে পড়ে তারা। পরে আদেমোলা লুকমানের গোলে জয় নিশ্চিত করে আতলেতিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল ইউনাইটেড।

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন মার্তিনেজ। তিনি বলেন, ‘খুবই বাজে, সত্যিই খুব বাজে। নিজেকে অনেক সংযত রাখতে হচ্ছে। তবে কখনো কখনো মাঠের পারফরম্যান্সেই ক্লাবের বর্তমান অবস্থার প্রতিফলন দেখা যায়।’

গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইউনাইটেড। সেই সাফল্যের পর দল আরও শক্তিশালী হবে বলে আশা করেছিলেন মার্তিনেজ। কিন্তু গ্রীষ্মের দলবদলে ক্লাবের তৎপরতায় সন্তুষ্ট হতে পারেননি তিনি।

আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘গত মৌসুমটা আমাদের দুর্দান্ত কেটেছে। এরপর আমরা ক্লাবের ওপরের পর্যায় থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় আনা প্রয়োজন ছিল। অন্য অনেক দলই নিজেদের শক্তি বাড়িয়েছে।’

শুধু সাধারণ অসন্তোষ প্রকাশেই থামেননি মার্তিনেজ। ইউনাইটেডের ফুটবল পরিচালকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন জেসন উইলকক্স।

মার্তিনেজের ভাষায়, ‘আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। সত্যিটা বলতেই হবে। খেলোয়াড় হিসেবে আমাদেরও আরও ভালো করতে হবে। তবে এ ধরনের ম্যাচের জন্য শক্তিশালী দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।’

গ্রীষ্মের দলবদলে কার্লোস বালেবা, ইউরি তিলেমানস ও আন্দ্রে সান্তোসের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ইউনাইটেড। তবে তিনজনই মিডফিল্ডার। রক্ষণ ও আক্রমণভাগে প্রয়োজনীয় শক্তি বাড়াতে পারেনি ক্লাবটি। বিশেষ করে বাঁ প্রান্তের রক্ষণ এবং আক্রমণভাগে নতুন খেলোয়াড় না আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে।

টানা ব্যর্থতায় ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপরও চাপ বাড়ছে। তবে বারবার কোচ পরিবর্তনকে সমস্যার সমাধান মনে করেন না মার্তিনেজ।

তিনি বলেন, ‘বারবার কোচ বদলানো যায় না। ক্লাবের অন্য জায়গাগুলোর কী হবে? এর বেশি কিছু বলতে পারছি না। আজ রাতে কোচ কিংবা খেলোয়াড়দের দোষ দেওয়া সহজ। কিন্তু অন্য দিকগুলোও দেখতে হবে।’

মার্তিনেজের এমন মন্তব্য নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের মুখে পড়েন ক্যারিকও। ইউনাইটেড কোচ জানান, তিনি তখনো শিষ্যের পুরো সাক্ষাৎকার শোনেননি। তাই বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে চান না।

তবে হারের হতাশা থেকেই মার্তিনেজ এমন কথা বলে থাকতে পারেন বলে মনে করেন ক্যারিক। তিনি বলেন, ‘আমি পুরো সাক্ষাৎকার দেখিনি, শুধু কিছুটা শুনেছি। ম্যাচের পর আবেগের কারণেও এমন মন্তব্য আসতে পারে। আগে বিষয়টি ভালোভাবে জানতে হবে।’

এদিকে ইউনাইটেডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, প্রকাশ্যে ক্লাব কর্তাদের সমালোচনা করে সীমা ছাড়িয়েছেন মার্তিনেজ। তার মতে, এ ধরনের অসন্তোষ দলের ভেতরেই আলোচনা করা উচিত।

অ্যামাজন প্রাইমে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে কিছুটা সীমা ছাড়িয়ে গেছে। এসব বিষয় কোচের সঙ্গে আলোচনা করা উচিত এবং ক্লাবের ভেতরেই রাখা উচিত।’

তবে ইউনাইটেডের আরও বিনিয়োগ প্রয়োজন, মার্তিনেজের এই বক্তব্যের সঙ্গে আংশিক একমত রুনি। তাঁর মতে, আক্রমণ ও রক্ষণভাগে নতুন খেলোয়াড় দরকার। কিন্তু প্রকাশ্যে সতীর্থদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

প্রিমিয়ার লিগে বর্তমানে ১৩তম স্থানে রয়েছে ইউনাইটেড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম নয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা। এমন পরিস্থিতিতে আগামী রোববার (১৮ অক্টোবর) লিডস ইউনাইটেডের মাঠে খেলতে যাবে ক্যারিকের দল।