ভিয়েতনামের কাছে হেরে গ্রুপ পর্বেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আর এগোনো হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিটার বাটলারের দল। তিন ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে থেকেই আসর শেষ করতে হলো তাদের।
থাইল্যান্ডের নন্থাবুরিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অন্তত একটি ড্র প্রয়োজন ছিল। প্রথমার্ধে সে লক্ষ্যেই লড়াই করে বাংলাদেশ। বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ ভেঙে যায়। ৪৯ মিনিটে মাঝমাঠ থেকে নেওয়া ভিয়েতনামের একটি ফ্রি-কিক বাংলাদেশের বক্সে এসে পড়ে। গোলরক্ষক মিলি আক্তার বলটি ধরতে এগিয়েও সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল হাত ফসকে সামনে পড়ে গেলে সুযোগ নেন ভিয়েতনামের ডিফেন্ডার এনগুয়েন থি থুই লিন। কাছ থেকে সহজ টোকায় বল জালে পাঠিয়ে এগিয়ে দেন দলকে। সেই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পুরো ম্যাচে ভিয়েতনামই ছিল বেশি সংগঠিত ও আক্রমণাত্মক। অন্যদিকে বাংলাদেশের আক্রমণভাগ খুব একটা কার্যকর হতে পারেনি। সাগরিকাকে সামনে রেখে আক্রমণ সাজালেও প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করার মতো মুহূর্ত খুব কমই দেখা গেছে।
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও হার এবং চীনের কাছে পরাজয়ের পর শেষ ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ফলে তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানেই শেষ করতে হলো বাংলাদেশকে।