নেইমারকে ‘অভিনয়’ শেখাতে চান ব্র্যাড পিট

পর্দার অভিনয়ে অস্কার জেতা ব্র্যাড পিট এবার ফুটবল মাঠের ‘অভিনয়ের’ শিক্ষক হতে চান। আর নিজের কাল্পনিক কোর্সের প্রথম ছাত্র হিসেবে হলিউড তারকা বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে।
এসকোয়ার সাময়িকীকে প্রকাশিত এই সাক্ষাৎকার দেওয়া সময় গত ৩০ জুন বিশ্বকাপে জার্মানি ও প্যারাগুয়ের ম্যাচ দেখছিলেন পিট। এ সময় এক ট্যাকেলে পর প্যারাগুয়ের এক খেলোয়াড়কে নাটকীয়ভাবে পড়ে গিয়ে পা চেপে ধরতে দেখে বিরক্ত হন ৬২ বছর বয়সী এই অভিনেতা।
পিট মজা করে বলেন, ‘আমি সিমুলেশন শেখানোর কোর্স শুরু করতে যাচ্ছি। কারণ, এই খেলোয়াড়েরা এতে খুবই বাজে।’
এরপর আসন ছেড়ে উঠে নিজেই অতিরঞ্জিতভাবে পড়ে যাওয়ার অভিনয় করে দেখান তিনি। ওই খেলোয়াড়ের প্রতিক্রিয়াকে নিজের দেখা সবচেয়ে বাজে অভিনয়গুলোর একটি বলেও মন্তব্য করেন হলিউড তারকা।
ফাউল আদায়ের জন্য পড়ে যাওয়ার প্রবণতা ফুটবলের অংশ হয়ে উঠেছে বলে স্বীকার করলেও খেলোয়াড়দের অভিনয় আরও বিশ্বাসযোগ্য হওয়া প্রয়োজন বলে রসিকতা করেন পিট। এরপরই তার কথায় আসে নেইমারের নাম।
পিট বলেন, ‘শুরুটা আমি নেইমারকে দিয়েই করব। মাঠে তার চলাফেরা নাচের মতো সুন্দর হলেও এ জায়গায় তার সাহায্য প্রয়োজন।’
কীভাবে কম অতিরঞ্জন করে সূক্ষ্মভাবে একটি দৃশ্য বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, সেটিই নেইমারকে শেখাতে চান বলে জানান পিট। রসিকতার সুরে তিনি আরও বলেন, কাল্পনিক এই কোর্সের পুরো পাঠ্যক্রমও তার প্রস্তুত রয়েছে।
ড্রিবলিং ও শৈল্পিক ফুটবলের পাশাপাশি মাঠে পড়ে যাওয়ার ভঙ্গির কারণে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন নেইমার। বিশেষ করে প্রতিপক্ষের চ্যালেঞ্জের পর তার প্রতিক্রিয়া নিয়ে ফুটবলবিশ্বে বহুবার আলোচনা ও রসিকতা হয়েছে।
পিটের মন্তব্যটি এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নেইমার। প্রায় তিন বছর পর ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে গোলও করেন। তবে সেই ম্যাচে হেরে বিদায় নেয় ব্রাজিল।
এরপর জুলাইয়ে নেইমার জানান, ব্রাজিল জাতীয় দলের সঙ্গে তার সময় শেষ হয়ে এসেছে। আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোথায় খেলবেন, সেটিও এখনো নিশ্চিত করেননি ৩৪ বছর বয়সী এই তারকা।
.png)


