এবার আর্কটিক ঠান্ডায় বিধ্বস্ত ম্যানসিটি

বরফে মোড়া আর্কটিক সার্কেলের শীতল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য অঘটন ঘটাল নরওয়ের ক্লাব বডো/গ্লিমট। কৃত্রিম টার্ফে ৯ ডিগ্রি তাপমাত্রায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়ের এই ক্লাবটি। পেপ গার্দিওলার তরুণ সিটি দল পুরোপুরি অসহায় হয়ে পড়ে স্বাগতিকদের সংগঠিত আক্রমণ ও গতির কাছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) অ্যাস্পমিরা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বডো/গ্লিমট। ২২ মিনিটে ওলে দিদরিক ব্লমবার্গের লুপিং ক্রসে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হগ।
মাত্র দুই মিনিট পর আবারও ব্লমবার্গের কাট-ব্যাক থেকে ফার্স্ট টাইম নিজের দ্বিতীয় গোল করেন হগ (২৪’)। সিটির রক্ষণে ম্যাক্স অ্যালেইনের ভুলের সুযোগ নিয়ে স্বাগতিকরা প্রথমার্ধেই ২-০ লিড নিশ্চিত করে।
বিরতির ঠিক আগে আর্লিং হলান্ড কাছ থেকে পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে পারেননি, যা তার চলমান খারাপ ফর্মকে আরও স্পষ্ট করে তোলে।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে জেনস পেটার হাউগে অসাধারণ একক প্রচেষ্টায় বল টেনে এনে টপ কর্নারে কার্লিং শটে গোল করেন— স্কোরলাইন ৩-০।
৬০ মিনিটে রায়ান চেরকি সিটির হয়ে একটি গোল ফিরিয়ে দিলেও ৬২ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রদ্রিকে। ১০ জনের সিটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই ঐতিহাসিক জয় তুলে নেয় বডো/গ্লিমট।