ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত ৪-০ গোলের জয় তুলে নেয়। প্রথমার্ধ শেষে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছিল লাল-সবুজের মেয়েরা। কিন্তু ফাইনালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। আক্রমণভাগে ধার হারায় বাংলাদেশ, আর রক্ষণভাগে একের পর এক ভুলের সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় ভারত। পুরো ম্যাচে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে ভারত, যেখানে বাংলাদেশের খেলায় ছিল ছন্দহীনতা।
গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হলে বাংলাদেশ ২-০ গোলে জয় পেয়েছিল এবং সেই ম্যাচে মাঠের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি তাদের হাতে। কিন্তু ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। কোচ বাটলারের শিষ্যদের রক্ষণভাগ বারবার চাপে পড়ে, আর গোলরক্ষক ইয়ারজানের কয়েকটি ভুল বড় ব্যবধানে হারের পথ তৈরি করে দেয়।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সে ফাঁকা জায়গা পেয়ে সহজেই বল জালে জড়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে বিতর্কিত এক সিদ্ধান্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ভারত। ৬১ মিনিটে একটি লং বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক ইয়ারজান ব্যর্থ হলে প্রতিপক্ষ ফরোয়ার্ডের সঙ্গে সংঘর্ষ হয় এবং রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে ভারত।
এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। একবার ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে গোলরক্ষকের ভুল শটে বল প্রতিপক্ষের পায়ে চলে যায়, সেখান থেকেই তৃতীয় গোল। ম্যাচের ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ, নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা।