এশিয়ান গেমসে আজ মাঠে নামছেন ঋতুপর্ণারা

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পাঁচ দিন আগেই শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। নারী ফুটবলে আজ সোমবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
এফ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৭ সেপ্টেম্বর একই মাঠে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের দল। গ্রুপের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর খেলবে মিয়ানমারের বিপক্ষে।
২০তম আইচি-নাগোয়া এশিয়ান গেমসের উদ্বোধন হবে ১৯ সেপ্টেম্বর। তবে নারী ফুটবল শুরু হচ্ছে আজই। এই ইভেন্টে বাংলাদেশের এটি দ্বিতীয় অংশগ্রহণ। আগের আসরে অভিষেক হয়েছিল লাল-সবুজের মেয়েদের।
শুরুতেই অবশ্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে ১০৭তম বাংলাদেশ থেকে ৯৬ ধাপ এগিয়ে উত্তর কোরিয়া। তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নদের বিপক্ষে সাম্প্রতিক অভিজ্ঞতাও সুখকর নয়। গত মার্চে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তবে ফলের চেয়ে দলের পারফরম্যান্স ও শেখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমাদের জন্য ফলের চেয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনটাই বেশি গুরুত্বপূর্ণ। বাস্তববাদী হতে হবে। আমরা ভালোভাবে নিজেদের তুলে ধরতে চাই, ইতিবাচক পারফরম্যান্স করতে চাই এবং দেখাতে চাই আমরা কী করতে পারি।’
এশিয়ান গেমসের প্রস্তুতিতে দেশে অনুশীলনের পর চীনে ১০ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। তবে আসর শুরুর আগে ধাক্কা এসেছে রক্ষণভাগে। চীনে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ডিফেন্ডার নাবিরণ খাতুন ছিটকে গেছেন দল থেকে।
কঠিন গ্রুপে তাই প্রথম ম্যাচ থেকেই বড় পরীক্ষা মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমাদের। ছয় মাস আগে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হারের পর এবার কতটা প্রতিরোধ গড়তে পারে বাংলাদেশ, নজর থাকবে সেদিকেই।


