২১ বছরের লেস্টার অধ্যায় শেষ করে শেফিল্ড ইউনাইটেডে হামজা

শেষ হলো হামজা চৌধুরীর দীর্ঘ লেস্টার সিটি অধ্যায়। শৈশব থেকে যে ক্লাবের সঙ্গে বেড়ে ওঠা, সেই লেস্টার ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার। সোমবার আনুষ্ঠানিকভাবে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার।
শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন হামজা। তবে লেস্টার সিটিকে দলবদল বাবদ কত অর্থ দেওয়া হয়েছে, তা প্রকাশ করেনি চ্যাম্পিয়নশিপের ক্লাবটি।
Hamza Choudhury is a Blade again! 🇧🇩
— Sheffield United (@SheffieldUnited) August 31, 2026
The Bangladesh international joins on an initial one-year contract arriving for an undisclosed fee from Leicester City. pic.twitter.com/zKUgxrWDZc
মাত্র সাত বছর বয়সে ২০০৫ সালে লেস্টারের একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। বয়সভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে মূল দলের হয়ে অভিষেক হয় তার। লিগ কাপে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
এর দুই মাস পর টটেনহাম হটস্পারের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক হয় হামজার। সেই ম্যাচেও ২-১ গোলে জিতেছিল লেস্টার। এরপর ক্লাবটির মূল দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন তিনটি গোল এবং একাধিক ম্যাচে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
লেস্টারের ইতিহাসে প্রথম এফএ কাপজয়ী দলের সদস্য ছিলেন হামজা। ২০২১ সালের ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্লাবটি। ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের চ্যাম্পিয়নশিপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সেই মৌসুমে লিগে ৩৪টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশি এই মিডফিল্ডার।
শেফিল্ড ইউনাইটেড অবশ্য হামজার জন্য অপরিচিত কোনো ঠিকানা নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। পরিচিত পরিবেশে এবার স্থায়ীভাবেই ফিরলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
সাম্প্রতিক মৌসুমে লেস্টারে হামজার খেলার সুযোগ কমে গিয়েছিল। অন্যদিকে নিয়মিত মাঠে নামার সুযোগের পাশাপাশি চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে তার।
হামজাকে বিদায় জানিয়ে লেস্টার তার দুই দশকের বেশি সময়ের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে। তার ও পরিবারের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।
এই দলবদলের মধ্য দিয়ে লেস্টারের সঙ্গে হামজার ২১ বছরের সম্পর্কের ইতি ঘটল। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম বড় তারকা শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।



-9bf0f8.webp)