logo

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির দল ঘোষণা

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির দল ঘোষণা
হাইতি ফুটবল দল। ছবি: সংগৃহীত

অর্ধশতাব্দীরও বেশি অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবার ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে ক্যারিবিয়ান দেশটি। সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাইতির ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে।

দলে আছেন অধিনায়ক জনি প্লাসিদ। ৩৮ বছর বয়সি এই গোলকিপার খেলেন ফরাসি ক্লাব বাস্তিয়ায়। অভিজ্ঞ প্লাসিদের নেতৃত্বেই বিশ্বকাপে ফিরছে হাইতি। আছেন দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডাকেন্স নাজনও। জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচে ৪৪ গোল করা এই ফরোয়ার্ড বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইরানের ক্লাব এস্তেগলালে খেলা নাজন বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৬ গোল। হাইতির আক্রমণভাগে তার সঙ্গে আছেন ফ্রান্টজি পিয়েরো, উইলসন ইসিদর, ডেরিক এতিয়েন, লুইসিয়াস ডিডসন, রুবেন প্রভিডেন্স, জোসুয়ে কাসিমির, ইয়াসিন ফরচুন ও লেনি জোসেফ।

ইউরোপভিত্তিক পরিচিত মুখদের মধ্যে দলে আছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মিডফিল্ডার জঁ-রিকনার বেলেগার্দে। মিডফিল্ডে তার সঙ্গে আছেন লেভারটন পিয়েরে, কার্ল-ফ্রেড সাঁতে, ড্যানলি জঁ-জাক, উডেনস্কি পিয়েরে ও সিমন দমিনিক।

হাইতির বিশ্বকাপে ফেরা শুধু ফুটবলীয় সাফল্য নয়, দেশের বাস্তবতার কারণেও বিশেষ। নিরাপত্তা সংকটের কারণে তারা বাছাইপর্বে ঘরের মাঠে ম্যাচ খেলতে পারেনি। সব ‘হোম’ ম্যাচই খেলতে হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। সেই প্রতিকূলতা পেরিয়েই কনকাকাফ বাছাইপর্বের গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে লে গ্রেনাদিয়েররা।

১৯৭৪ সালে পশ্চিম জার্মানির বিশ্বকাপে প্রথমবার খেলেছিল হাইতি। সেটিই ছিল এতদিন তাদের একমাত্র বিশ্বকাপ উপস্থিতি। ৫২ বছর পর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে যাচ্ছে তারা।

২০২৬ বিশ্বকাপে হাইতি খেলবে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কো। ১৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে হাইতি। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পেরুর বিপক্ষে।

হাইতির বিশ্বকাপ দল

গোলকিপার:

জনি প্লাসিদ, আলেক্সান্দ্র পিয়েরে, জোসুয়ে দুভারজে।

ডিফেন্ডার:

কার্লেন্স আর্কুস, উইলগেন্স পাগাঁ, ডিউক লাক্রোয়া, মার্টিন এক্সপেরিয়েন্স, জে কে দুভার্ন, রিকার্দো আদে, হানেস ডেলক্রোয়া, কিতো থারমনসি।

মিডফিল্ডার:

লেভারটন পিয়েরে, কার্ল-ফ্রেড সাঁতে, ড্যানলি জঁ-জাক, জঁ-রিকনার বেলেগার্দে, উডেনস্কি পিয়েরে, সিমন দমিনিক।

ফরোয়ার্ড:

লুইসিয়াস ডিডসন, রুবেন প্রভিডেন্স, জোসুয়ে কাসিমির, ডেরিক এতিয়েন, উইলসন ইসিদর, ডাকেন্স নাজন, ফ্রান্টজি পিয়েরো, ইয়াসিন ফরচুন, লেনি জোসেফ।