logo

জাইমা রহমানকে নিয়ে বিতর্ক, আমিনুল হকের অনুরোধ

জাইমা রহমানকে নিয়ে বিতর্ক, আমিনুল হকের অনুরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়স-ভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, জাইমা রহমানকে নিয়ে আমার আলোচনাকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত অনভিপ্রেত।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।     

আমিনুল হক বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়স-ভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত আমার একটি আলোচনাকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত অনভিপ্রেত।’

জাইমা রহমানকে নিয়ে তার বক্তব্য ভিন্নখাতে প্রবাহের সুযোগ নেই বলে জানান আমিনুল হক। 

তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে স্পষ্ট করতে চাই যে, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল, একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা। এটি একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা ছিল, যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অবকাশ নেই।’

তার ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ‘তথ্যগত বিভ্রান্তি বা আমার বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’