logo

কাতার থেকে ফিনালিসিমা সরানোর প্রস্তাব স্পেন কোচের

কাতার থেকে ফিনালিসিমা সরানোর প্রস্তাব স্পেন কোচের

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে স্পেন-আর্জেন্টিনার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ এখন অনিশ্চয়তায়। কাতার কর্তৃপক্ষ সব ধরনের ক্রীড়া আয়োজন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করায় ২৭ মার্চ দোহায় নির্ধারিত ম্যাচটি ঝুলে গেছে। এই পরিস্থিতিতে বিকল্প ভেন্যু খোঁজার কথা জানিয়েছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

রেডিও নাসিওনালের সঙ্গে আলাপচারিতায় দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা জানি আলোচনা চলছে। প্রথমত, সমাজ হিসেবে চাই সংঘাত থামুক। কিন্তু পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় এবং সেখানে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে অন্য কোনো ভেন্যু খুঁজে নেওয়াই সমাধান হতে পারে।’

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য দেশের সব ক্রীড়া প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। ফলে দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত।

এই ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। প্রায় ৮৯ হাজার দর্শক ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার লড়াইকে ঘিরে আয়োজনও প্রায় চূড়ান্ত ছিল।

তবে আয়োজক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের ওপর।