গোল করে নায়ক ক্যাসেমিরো, ওল্ড ট্র্যাফোর্ডে উঠল ‘ওয়ান মোর ইয়ার’ স্লোগান

অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে গোল করে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের নায়ক হলেন কাসেমিরো। আর ম্যাচের শেষ দিকে তাকে বদলি করার সময় ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি যেন এক সুরেই জানিয়ে দিল তাদের ইচ্ছা—‘ওয়ান মোর ইয়ার, ওয়ান মোর ইয়ার।’
মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা আগেই জানিয়েছেন ৩৪ বছর বয়সি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে গ্রীষ্মে। জানুয়ারিতে তিনি বলেছিলেন, বিদায়ের সময় এখনও আসেনি এবং শেষ কয়েক মাসে ক্লাবের জন্য সর্বোচ্চটা দেওয়াই তার লক্ষ্য।
সেই কথারই যেন প্রমাণ দিলেন অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে। ম্যাচের ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো।
পরে রস বার্কলি ভিলার হয়ে সমতা ফেরালেও মাতেউস কুনিয়া ও বেঞ্জামিন সেস্কোর গোল ইউনাইটেডকে ৩–১ ব্যবধানে জয় এনে দেয়। এই জয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
চলতি মৌসুমে গোল করার ক্ষেত্রেও দারুণ ছন্দে আছেন কাসেমিরো। প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই তার গোল সাতটি, যা ইউনাইটেডের হয়ে তৃতীয় সর্বোচ্চ। কেবল সেস্কো ও ব্রায়ান এমবিউমোর গোলসংখ্যা তার চেয়ে বেশি।
ক্যারিয়ারে এই প্রথম কোনো লিগ মৌসুমে এত গোল করেছেন তিনি। এর আগে রিয়াল মাদ্রিদে খেলার সময় সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ সাত গোল করেছিলেন।
ম্যাচের শেষ দিকে যখন তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয়। দর্শকদের সেই ভালোবাসার মুহূর্তে কোচ মাইকেল ক্যারিক ছুটে গিয়ে জড়িয়ে ধরেন কাসেমিরোকে।
ম্যাচ শেষে ক্যারিক বলেন, কাসেমিরোর প্রভাব দলটির জন্য অসাধারণ। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার গোল ও অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা রাখছে।
তবে মৌসুম শেষে তিনি সত্যিই ইউনাইটেড ছাড়বেন কি না—সেটাই এখন বড় প্রশ্ন। কারণ গ্যালারির কণ্ঠে স্পষ্ট, ওল্ড ট্র্যাফোর্ড এখনও কাসেমিরোকে বিদায় দিতে প্রস্তুত নয়।