Advertisement

৫৯ বছর বয়সে গোল, থামছেন না জাপানের ‘কিং কাজু’

এশিয়া পোস্ট স্পোর্টস
৫৯ বছর বয়সে গোল, থামছেন না জাপানের ‘কিং কাজু’
কিং কাজু ডাকনাম পাওয়া কাজুইয়োশি মিউরা। ছবি: রয়টার্স

যে বয়সে অধিকাংশ ফুটবলারের বুট তুলে রাখার পর কোচিং কিংবা অন্য পেশাতেও দীর্ঘ সময় কেটে যায়, সেই ৫৯ বছর বয়সে এখনো গোল করে চলেছেন কাজুইয়োশি মিউরা। প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে আবারও নিজের অবিশ্বাস্য ফুটবলযাত্রাকে আলোচনায় এনেছেন জাপানের ‘কিং কাজু’।

শনিবার জাপানের এম্পেররস কাপে ইওয়াকি ফুরুকাওয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মিউরার দল ফুকুশিমা ইউনাইটেড। বড় এই জয়ে প্রতিযোগিতার পরবর্তী পর্বে উঠেছে তৃতীয় বিভাগের ক্লাবটি।

ম্যাচের ৫২ মিনিটে গোল করেন মিউরা। বাঁ দিক থেকে সতীর্থের কাটব্যাক ধরে প্রথম স্পর্শেই বল জালে পাঠান তিনি। তার গোলে ফুকুশিমার ব্যবধান দাঁড়ায় ৫-০। গোলটির সময় মিউরার বয়স ছিল ৫৯ বছর ১৪৯ দিন।

বল জালে ঢোকার সঙ্গে সঙ্গে মিউরাকে ঘিরে ধরেন মাঠে থাকা সতীর্থরা। বেঞ্চ থেকেও ছুটে আসেন অন্যরা। ফুটবল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারগুলোর একটির আরেকটি বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করে পুরো দল। গোল করার তিন মিনিট পর তাকে তুলে নেন কোচ।

প্রায় চার বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেলেন মিউরা। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে জাপান ফুটবল লিগে সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে এফসি ওসাকার বিপক্ষে গোল করেছিলেন তিনি। ক্লাবটি এখন আতলেতিকো সুজুকা নামে পরিচিত।

জাপানের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। ক্লাবটির সঙ্গে তার ধারের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সংক্ষিপ্ত ২০২৬ মৌসুমে ফুকুশিমার হয়ে ছয় ম্যাচ খেলেছেন মিউরা। জাপানের পেশাদার লিগের সূচি বসন্ত-শরৎ পদ্ধতি থেকে শরৎ-বসন্ত পদ্ধতিতে বদলে যাওয়ায় সামনে নতুন মৌসুমের জন্যও নিজেকে প্রস্তুত রাখছেন এই ফরোয়ার্ড।

অর্থাৎ ৬০ বছর বয়সে পা দিয়েও পেশাদার ফুটবলার হিসেবেই মাঠে দেখা যেতে পারে তাকে। বয়সকে বারবার অপ্রাসঙ্গিক প্রমাণ করা ‘কিং কাজু’ শনিবার দেখালেন, তিনি শুধু দলের সদস্য হয়ে থাকতে চান না, সুযোগ পেলে এখনো বল জালেও পাঠাতে পারেন।