Advertisement

মাঠে দুবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

এশিয়া পোস্ট স্পোর্টস
মাঠে দুবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা
জামাল মুসিয়ালা। ছবি: গেটি ইমেজ

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে উদ্বেগ বাড়িয়েছিলেন জামাল মুসিয়ালা। এবার নিজেই সেই ঘটনার কারণ জানিয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা।

Advertisement

মুসিয়ালা জানিয়েছেন তার শরীরে স্নায়বিক কার্যকারিতাজনিত স্বল্পস্থায়ী একটি সমস্যা শনাক্ত হয়েছে, যার কারণে অল্প সময়ের জন্য ‘অ্যাবসেন্স’ বা স্বাভাবিক সচেতনতা ও প্রতিক্রিয়ায় ছেদ ঘটতে পারে। তবে সমস্যাটি চিকিৎসাযোগ্য এবং বর্তমানে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ পড়ে যান ২৩ বছর বয়সী মুসিয়ালা। দুই দলের ফুটবলাররা দ্রুত তাকে ঘিরে ধরেন এবং চিকিৎসকেরা মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়াতে পারলেও আর খেলায় ফেরেননি তিনি।

ঘটনার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন মুসিয়ালা।

তিনি শুরুতেই সমর্থকদের আশ্বস্ত করে লেখেন, ‘সবার আগে বলতে চাই, আমি ভালো আছি।’ এরপর জানান, চিকিৎসকেরা তার মধ্যে স্বল্পস্থায়ী এবং সহজে চিকিৎসাযোগ্য ‘অ্যাবসেন্স’ শনাক্ত করেছেন, যা একটি স্নায়বিক কার্যকারিতার সমস্যার কারণে হচ্ছে। সাম্প্রতিক দুই ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণও এটিই বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচেও হঠাৎ মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। চিকিৎসকেরা তখন মাঠেই তাকে পরীক্ষা করেন। কয়েক দিনের মধ্যে হাইডেনহাইমের বিপক্ষে একই ধরনের ঘটনা ঘটায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

তবে নিজের সমস্যাটি দেখতে ভয়ংকর মনে হলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন মুসিয়ালা। তিনি বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং এর বাইরে তার স্বাস্থ্যের জন্য বাড়তি কোনো ঝুঁকি নেই বলে তাকে জানানো হয়েছে।

মুসিয়ালা বলেন, ‘আমি সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছি এবং খুবই আশাবাদী।’ একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন জার্মান এই মিডফিল্ডার।

ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারেও ইতিবাচক মুসিয়ালা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনযাপন ও খেলাধুলা চালিয়ে যাওয়া তার জন্য নিরাপদ এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন তিনি। বায়ার্ন, পরিবার ও চিকিৎসকদের পূর্ণ সমর্থনও পাচ্ছেন।

তবে নিজের চিকিৎসার বিস্তারিত তথ্য ব্যক্তিগত রাখতে চান মুসিয়ালা। সমর্থকদের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে নিজের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধও করেছেন তিনি।

হাইডেনহাইম ম্যাচের পর বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্লও জানিয়েছিলেন, ক্লাব আগে থেকেই মুসিয়ালার পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। তবে বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত তারা খেলোয়াড়ের ওপরই ছেড়ে দিয়েছিলেন।

দুই ম্যাচে পরপর ঘটে যাওয়া ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছিল, নিজের বক্তব্যে সেটিই অনেকটা দূর করার চেষ্টা করেছেন মুসিয়ালা। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকেই ফুটবল চালিয়ে যেতে চান বায়ার্ন তারকা।

মাঠে দুবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা