মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধার বার্তা

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি তুলে রাখার এক দিনও কাটেনি, এর মধ্যেই সেটিকে মিস করতে শুরু করেছেন লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রামে সেই আবেগের কথা জানাতেই মন্তব্যঘরে হাজির পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা, মনে করিয়ে দিলেন দেশের হয়ে তার গড়া ইতিহাসের কথা।
বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের ২১ বছরের পথচলার স্মৃতিচারণ করেন মেসি। পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তুলে ধরেন বিদায়ের কষ্টও।
সেই পোস্টের মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশের হয়ে খেলেছ, এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। তোমার জন্য রইল আলিঙ্গন।’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি ও রোনালদো। তবে মাঠের সেই প্রতিযোগিতার বাইরে বিভিন্ন সময়ই একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন দুজন।
এর আগে নিজের বিদায়ী পোস্টে মেসি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটাকে মিস করছি। জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারকে অবিশ্বাস্য এক যাত্রা হিসেবে বর্ণনা করেন আর্জেন্টাইন মহাতারকা। আনন্দের পাশাপাশি কঠিন সময়ের কথাও স্মরণ করেন তিনি। জানান, এত বছরের পথচলায় নেওয়া প্রতিটি পদক্ষেপই তাঁর কাছে সার্থক।
মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন মেসি। বিদায়ী ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি।
আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
