মার্চের ম্যাচেও নেইমারকে ডাকছেন না আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা আপাতত আরও দীর্ঘ হলো। মার্চে নির্ধারিত প্রীতি ম্যাচগুলোতে সান্তোস ফরোয়ার্ডকে ডাকছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ইএসপিএন সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ইনজুরিতে থাকার পর ক্লাব পর্যায়ে ধীরে ধীরে নেইমারকে ছন্দ ফিরে পাওয়ার সুযোগ দিতে চান ইতালিয়ান এই কোচ। তাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারকে দলে রাখা হচ্ছে না।
এই দুটি ম্যাচ ২০২৬ বিশ্বকাপের কয়েক মাস আগে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ। আনচেলত্তি মূলত বিকল্প খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চান। ফলে দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের অপেক্ষা বাড়ল আরও কিছুদিন।
তবে ব্রাজিল দলের কোচিং স্টাফ নেইমারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। মৌসুমের পরবর্তী সময়ে তার ফিটনেস পুরোপুরি মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বকাপের আগে সময় খুব বেশি নেই। তবুও আনচেলত্তির বার্তা পরিষ্কার—ঝুঁকি না নিয়ে ধীরে-সুস্থে ফিরুক নেইমার, তারপরই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত।
সূত্র : ইএসপিএন