মেসির জার্সি নেবেনই, মায়ের নামে শপথ বেনিনের ডিফেন্ডারের

ম্যাচ শেষ। সামনে লিওনেল মেসি। তখন আর কোনো দ্বিধা রাখবেন না বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিয়ানি। আগে বলবেন, ‘তোমাকে খুব ভালোবাসি।’ তারপর সরাসরি দাবি, ‘জার্সিটা আমাকে দাও।’ মেসির বিদায়ী ম্যাচের সেই জার্সি যে তারই চাই, তা বোঝাতে মায়ের নামে শপথও করে ফেলেছেন বেনিনের এই ডিফেন্ডার।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৪ অক্টোবর দেশটির সংবাদমাধ্যম ওলেকে তিয়ানি বলেন, ‘জার্সিটা আমি রাখব। মায়ের নামে শপথ করে বলছি। আমি তাকে বলব, মেসি, তোমাকে খুব ভালোবাসি। জার্সিটা আমাকে দাও।’
তিয়ানির আগ্রহের কারণও বিশেষ। বেনিনের বিপক্ষেই জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতের সেই ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার, ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে।
গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর মেসিকে বিদায়ী ম্যাচটি খেলার আমন্ত্রণ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারাটাও তাই তিয়ানির কাছে সাধারণ কোনো ব্যাপার নয়।
মেসির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে কেমন লাগছে, জানতে চাইলে তিনি বলেন, ‘দারুণ আনন্দিত। এখানে আসার আগে আমরা শুধু মেসিকেই চিনতাম, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার জন্য ম্যাচটি ভীষণ বিশেষ কিছু হতে চলেছে।’
বেনিন দল ইতিমধ্যে বুয়েনস এইরেসে পৌঁছেছে। তিয়ানি জানিয়েছেন, তিনি শুধু ম্যাচ খেলতে চান না, বরং মনুমেন্তালের পরিবেশ আর মেসিকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের আবেগটাও উপভোগ করতে চান।
তার চোখে তাই এই আয়োজন সাধারণ কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়। তিয়ানি বলেছেন, ‘এটা ম্যাচ নয়, একটা উৎসব। উপভোগ করতে হবে।’
তবে ব্যক্তিগতভাবে তার সবচেয়ে বড় লক্ষ্যটি পরিষ্কার। ম্যাচ শেষে মেসির কাছে গিয়ে জার্সিটা চাইবেন তিনি। আর নিজের সেই ইচ্ছা কতটা প্রবল, সেটি আগেই জানিয়ে রেখেছেন মায়ের নামে শপথ করে।
-a5e73c.webp)