ব্রাজিলের যুবাদের কাছে বিধ্বস্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল

রিকেলমে হেনরিকের জোড়া গোল আর এদুয়ার্দোর আরেকটি নিখুঁত ফিনিশে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে ম্যাচের শেষটা হয়েছে বিতর্কের মধ্যে, যেখানে দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন সংঘর্ষে।
গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। সেই চাপ সামলাতে পারেনি দিয়েগো প্লাসেন্তের দল। প্রথমার্ধেই হেনরিক দুইবার লক্ষ্যভেদ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। বরং শেষদিকে এদুয়ার্দো গোল করে ব্যবধান আরও বাড়ান।
শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কিছু উসকানিমূলক আচরণের জেরে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রতিক্রিয়া দেখালে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি আর্জেন্টিনার উইঙ্গার টোবিয়াস গোয়তিয়াকে লাল কার্ড দেখান। ফলে বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে তাকে পাওয়া যাবে না।
এই হারে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের পথটা জটিল হয়ে উঠেছে। চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তারা এখনো গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও সরাসরি জায়গা নিশ্চিত করতে পারেনি। শেষ ম্যাচে জয় না পেলে তাদের ভাগ্য নির্ভর করবে অন্য সমীকরণের ওপর।
অন্যদিকে ব্রাজিল টুর্নামেন্টে নিজেদের দাপট ধরে রেখেছে। এখনও অপরাজিত তারা এবং গ্রুপের শীর্ষে থেকেই এগোচ্ছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার, আর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। সেই ম্যাচগুলোই নির্ধারণ করবে কারা সেমিফাইনালে যাবে এবং কারা নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট।