বিশ্বকাপ তারকাদের দলবদলে খরচ ৩৩০ কোটি ডলার

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারদের নিয়ে দলবদলের বাজারে রীতিমতো টাকার বন্যা বয়ে গেছে। প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া খেলোয়াড়দের দলবদলেই খরচ হয়েছে ৩৩০ কোটি ডলারের বেশি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
গত ১ জুন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক দলবদলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে ফিফা। এ সময় বিশ্বকাপে খেলা ৪৭টি দেশের মোট ২৬৭ জন ফুটবলার ক্লাব পরিবর্তন করেছেন।
পুরুষ ফুটবলের গ্রীস্মকালীন দলবদলের বাজারে এবার সব মিলিয়ে রেকর্ড ৯৮৯ কোটি ডলার খরচ হয়েছে। এর এক-তৃতীয়াংশের বেশি অর্থই ব্যয় হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য। বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরম্যান্স খেলোয়াড়দের বাজারমূল্য এবং তাদের প্রতি ক্লাবগুলোর আগ্রহ বাড়িয়েছে বলে মনে করছে ফিফা।
দলবদলের এই সময়ে বিশ্বজুড়ে সাড়ে ১২ হাজারের বেশি আন্তর্জাতিক দলবদল নিবন্ধিত হয়েছে। মধ্যবর্তী দলবদলের কোনো সময়ে এত বেশি আন্তর্জাতিক স্থানান্তর আগে দেখা যায়নি।
বিশ্বকাপের পর বড় অঙ্কের চুক্তিতে ক্লাব বদলানো খেলোয়াড়দের মধ্যে রয়েছেন স্পেনের রদ্রি ও ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই থেকে লিভারপুলে গেছেন বারকোলা।
দলবদলে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইংল্যান্ডের ক্লাবগুলো। তাদের সম্মিলিত ব্যয়ের পরিমাণ ৩০২ কোটি ডলারের বেশি। এরপর ইতালির ক্লাবগুলো ১১০ কোটি, স্পেনের ক্লাবগুলো ৯৪ কোটি, জার্মানির ক্লাবগুলো ৯০ কোটি ৪০ লাখ এবং ফ্রান্সের ক্লাবগুলো ৬৪ কোটি ১০ লাখ ডলার খরচ করেছে।
খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ফরাসি ক্লাবগুলো। তাদের আয় ১৭০ কোটি ডলার। ইংলিশ ক্লাবগুলো পেয়েছে ১৪৩ কোটি এবং জার্মান ক্লাবগুলো ১০২ কোটি ডলার।
নারী ফুটবলের দলবদলেও নতুন রেকর্ড হয়েছে। এবার ১ হাজার ৪০৬টি আন্তর্জাতিক দলবদল নিবন্ধিত হয়েছে, যা আগের রেকর্ডের তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেশি। দলবদল ফি হিসেবে খরচ হয়েছে ২ কোটি ৮৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি।
নারী ফুটবলেও ব্যয়ের তালিকায় সবার ওপরে রয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো। তাদের খরচ ৮০ লাখ ডলার। এরপর স্পেনের ক্লাবগুলো ৬৬ লাখ এবং জার্মানির ক্লাবগুলো ৪৯ লাখ ডলার ব্যয় করেছে।
ফিফার মতে, এবারের পরিসংখ্যান আবারও দেখিয়ে দিয়েছে বিশ্বকাপের প্রভাব শুধু জাতীয় দলের প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ নয়। বিশ্বমঞ্চের পারফরম্যান্স ক্লাব ফুটবলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ এবং বড় অঙ্কের চুক্তির পথও তৈরি করে।



