১৪২ কোটি টাকায় বার্সায় যাচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস

দলবদলের শেষ মুহূর্তে আক্রমণভাগে নতুন খেলোয়াড় পাচ্ছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ না বার্সায় আসছেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুস।
ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে স্থায়ীভাবে কিনতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে বলে খবর দলবদলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোর।
রোমানো জানান, জেসুসের জন্য আর্সেনালকে ১০ মিলিয়ন ইউরোর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বোনাস দেবে বার্সেলোনা। সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
🚨🔵🔴 BREAKING: Barcelona agree deal to sign Gabriel Jesus from Arsenal, here we go!
— Fabrizio Romano (@FabrizioRomano) August 30, 2026
Exclusive details: medical booked on Monday, #AFC to receive €10m package plus add-ons for permament deal.
Gabriel Jesus will travel for medical as authorized by Arsenal. pic.twitter.com/Y4nFKERn3y
তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত বার্সেলোনা কিংবা আর্সেনাল আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি। চুক্তির মেয়াদ ও বোনাসের পরিমাণও এখনো প্রকাশ করা হয়নি।
আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে নেওয়ার চেষ্টা করছিল বার্সেলোনা। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি না করার ব্যাপারে আতলেতিকোর কঠোর অবস্থানে সেই আলোচনা আটকে যায়। এরপর তুলনামূলক কম খরচের বিকল্প হিসেবে জেসুসের দিকে এগোয় কাতালানরা।
আর্সেনালে জেসুসের ভবিষ্যৎ নিয়েও কিছুদিন ধরে অনিশ্চয়তা চলছিল। নতুন মৌসুমে দলটির প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি তিনি। খেলোয়াড়ের সংখ্যা বেশি হওয়ায় তাকে মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করানোর কথাও নিশ্চিত করেছিলেন কোচ মিকেল আর্তেতা।
আর্সেনালের আক্রমণভাগে কাই হাভার্টজ ও ভিক্টর ইয়োকেরেসের পেছনে পড়ে গিয়েছিলেন জেসুস। বর্তমান চুক্তির মেয়াদও শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে। ফলে আগামী বছর বিনা মূল্যে হারানোর ঝুঁকি এড়াতে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের ক্লাবটি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন জেসুস। শুরুর দিকে আর্তেতার দলের গুরুত্বপূর্ণ অংশ হলেও চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি। ২০২৫ সালের জানুয়ারিতে হাঁটুর অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্টে গুরুতর চোট পেয়ে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
চোট কাটিয়ে ফেরার পরও আর্সেনালে আগের জায়গা ফিরে পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কেন্দ্রীয় স্ট্রাইকারের পাশাপাশি দুই প্রান্তে খেলার সামর্থ্য থাকায় বার্সেলোনার আক্রমণে অবশ্য একাধিক বিকল্প দিতে পারবেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষায় কোনো সমস্যা না হলে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পর বার্সেলোনা হতে যাচ্ছে জেসুসের ইউরোপীয় ক্যারিয়ারের তৃতীয় ক্লাব।



