বিদায় বলা কোচকেই ফেরাল ঘানা

পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজের ঘানা অধ্যায় শেষ হয়ে গেছে বলেই ধরে নেওয়া হয়েছিল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। তবে দুই মাস না যেতেই ৭৩ বছর বয়সী পর্তুগিজ কোচকে আবারও জাতীয় দলের দায়িত্ব দিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।
অটো অ্যাডোকে বরখাস্ত করার পর গত এপ্রিলে ঘানার প্রধান কোচ হন কুইরোজ। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেয় ব্ল্যাক স্টাররা। তবে গত জুলাইয়ে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কুইরোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ঘানার সঙ্গে সংক্ষিপ্ত যাত্রা শেষ করে তিনি গর্ব নিয়েই বিদায় নিচ্ছেন। সেই বার্তার পরই তার দায়িত্ব ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল।
তবে বৃহস্পতিবার কুইরোজকে পুনরায় নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। চলতি মাসের আন্তর্জাতিক বিরতি থেকেই তার নতুন মেয়াদ শুরু হবে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ঘানাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বসহ কুইরোজের আগের মেয়াদ কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আসন্ন আন্তর্জাতিক বিরতি থেকে তাকে নতুন মেয়াদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
কুইরোজের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং ঘানা দল সম্পর্কে ধারণাই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।
নতুন মেয়াদে কুইরোজের প্রথম পরীক্ষা হবে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে। আগামী ২৩ সেপ্টেম্বর আইভরি কোস্ট এবং ২৭ সেপ্টেম্বর গাম্বিয়ার মুখোমুখি হবে ঘানা। নভেম্বরে সোমালিয়ার বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে ব্ল্যাক স্টাররা।
বিশ্বকাপে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কুইরোজের। ইরানকে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এবং পর্তুগালকে ২০১০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে তার অধীনে শেষ ষোলোয় উঠেছিল পর্তুগাল, যেখানে স্পেনের কাছে হেরে বিদায় নেয় দলটি।
জাতীয় দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও স্পোর্তিং লিসবনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন কুইরোজ। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারীও ছিলেন অভিজ্ঞ এই কোচ।



