logo

সমালোচনার পরেও পরিকল্পনা বদলাবেন না আনচেলত্তি

সমালোচনার পরেও পরিকল্পনা বদলাবেন না আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ব্রাজিলে সমালোচনার ঝড়। কেউ পারফরম্যান্সকে বলেছেন ‘খুবই বাজে’, কেউ আবার কোচ কার্লো আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন। তবে এসব সমালোচনায় ব্রাজিলের নতুন প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনা থেকে একচুলও সরছেন না ইতালিয়ান কোচ।

গত শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। যোগ করা সময়ে রায়ানের হেডে সমতা ফেরায় সেলেসাওরা। মঙ্গলবার ব্রিসবেনে একই প্রতিপক্ষের বিপক্ষে আবার মাঠে নামবে আনচেলত্তির দল।

প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে দেশে প্রবল সমালোচনা হলেও সেটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন আনচেলত্তি। ব্রিসবেনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কাজের সমালোচনা হওয়া ভালো। সমালোচনা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমার যে ভাবনা, তাতে এর কোনো প্রভাব পড়ে না। আমি ভবিষ্যৎ নিয়ে যা ভাবছি, সমালোচনার প্রভাব সেখানে শূন্য।’

আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপ সামনে রেখে তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা দেওয়াকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন ব্রাজিল কোচ। অস্ট্রেলিয়া সফরের ২৬ সদস্যের দলে ১৭ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ১০টি বা তার কম। তাদের মধ্যে আবার ১০ জন ছিলেন অভিষেকের অপেক্ষায়।

প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে নটিংহাম ফরেস্টের জাইর কুনিয়া, পিএসভির মাউরো জুনিয়র ও ম্যানচেস্টার সিটির ভিতর রেইসের। রেইসকে শুরু থেকেই মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি। আর্থার দিয়াস, গ্যাব্রিয়েল বনটেম্পো ও জাইরের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের ফল তাই খুব বেশি গুরুত্ব পাচ্ছে না আনচেলত্তির কাছে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ফল আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। আমরা অন্য কিছু খুঁজছি যেটি হলো তরুণ ও নতুন খেলোয়াড়দের জায়গা এবং সুযোগ দেওয়া। সেই দিক থেকে ম্যাচটি ভালো ছিল।’

তবে দলের উন্নতির জায়গাও দেখছেন ব্রাজিল কোচ, ‘অবশ্যই আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে প্রতিপক্ষের মানও বিবেচনায় নিতে হবে। অস্ট্রেলিয়া খুব ভালো করেছে, দারুণভাবে রক্ষণ করেছে এবং তারা খুবই সংগঠিত ছিল।’

দ্বিতীয় ম্যাচেও নতুন মুখদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তার লক্ষ্য, প্রতিযোগিতামূলক ম্যাচের দল ঘোষণার আগে যত বেশি সম্ভব খেলোয়াড়কে কাছ থেকে দেখে নেওয়া।

তিনি বলেন, ‘আগামী ম্যাচেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আরও ভালো খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচে যারা খেলেনি, এমন আরও কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাবে। এখন এটাই আমাদের অগ্রাধিকার। আমি খেলোয়াড়দের আরও ভালোভাবে জানতে চাই, যাতে অফিসিয়াল প্রতিযোগিতার দল বাছাইয়ের সময় পরিষ্কার ধারণা থাকে। আমি ভুল করতে চাই না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে আগামী অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।