১০ জন নিয়েও চ্যাম্পিয়ন আল-আহলি

দশজন নিয়ে লড়াই, সামনে কঠিন প্রতিপক্ষ, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। ঠিক সেই জায়গাতেই নিজেদের চ্যাম্পিয়ন মানসিকতা দেখাল আল-আহলি। শেষ পর্যন্ত ফারাস আল-ব্রিকানের এক গোলেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখল সৌদি ক্লাবটি।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে জাপানের মাচিদা জেলভিয়াকে ১-০ গোলে হারিয়েছে আল-আহলি। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের প্রথম ভাগে আসে ম্যাচের একমাত্র গোলটি।
৬৮ মিনিটে জাকারিয়া হাওসাউই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় আল-আহলি। তখন ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিতে থাকে জাপানি দলটি। কয়েকটি সুযোগও তৈরি করে তারা, কিন্তু গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডির দৃঢ়তায় গোল পায়নি।
সংখ্যায় পিছিয়ে থেকেও ম্যাচে টিকে থাকে আল-আহলি। অতিরিক্ত সময়ে রিয়াদ মাহরেজ ডান দিক থেকে দারুণ একটি ক্রস তুললে ফ্রাঙ্ক কেসি বল নামিয়ে দেন। কাছ থেকে সহজ ফিনিশে গোল করেন আল-ব্রিকান।
গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি মাচিদা। শেষ পর্যন্ত এই এক গোলেই জয় নিশ্চিত করে আল-আহলি।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ক্লাবটি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ যুগে পরপর দুইবার শিরোপা জেতা দ্বিতীয় দলও হয়ে গেল তারা।
ম্যাচ শেষে মাহরেজ বলেন, ‘১০ জন নিয়ে খেলা প্রায় অসম্ভব। কিন্তু আমরা একসঙ্গে থেকেছি, আরও বেশি লড়েছি। শেষ পর্যন্ত গোল পেয়েছি, এটা অসাধারণ অনুভূতি।’