logo

বিশ্বজুড়ে সহিংসতার বিরুদ্ধে সরব পেপ গার্দিওলা

বিশ্বজুড়ে সহিংসতার বিরুদ্ধে সরব পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা আবারও ফুটবল মাঠের বাইরের ইস্যুতে সরব হলেন। বিশ্বজুড়ে সহিংসতা, যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে এক আবেগঘন সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক গুলির ঘটনা থেকে শুরু করে ফিলিস্তিন, ইউক্রেন ও সুদানের পরিস্থিতি—বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন।

কারাবাও কাপ সেমিফাইনালের ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিংবদন্তি এই কোচ বলেন, সমাজে অন্যায় ও সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অভিযানে দুজন নাগরিক নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘কোনো ভুল করলে আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু প্রাণ নেওয়ার যৌক্তিকতা কোথায়?’

গার্দিওলার বক্তব্যে বিশ্বব্যাপী চলমান সংঘাতও উঠে আসে। ফিলিস্তিন, ইউক্রেন ও সুদানের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মানবজাতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তথ্যের নাগাল পাচ্ছে, তবু সহিংসতা ও যুদ্ধ থামছে না—এটি তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে ব্যথিত করে।

তিনি জোর দিয়ে বলেন, মানবিক মূল্যবোধই হওয়া উচিত সব কিছুর ঊর্ধ্বে। যুদ্ধ বা রাজনৈতিক মতভেদের কারণে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গার্দিওলার মতে, শরণার্থী বা সংঘাত থেকে পালিয়ে আসা মানুষকে আগে মানুষ হিসেবেই দেখা উচিত—তাদের রাজনৈতিক পরিচয় নয়, মানবিক নিরাপত্তাই অগ্রাধিকার পাওয়া দরকার।

এর আগেও সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে দেখা গেছে স্প্যানিশ এই কোচকে। তবে সাম্প্রতিক এই বক্তব্যে তিনি ফুটবলের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক মানবিক প্রশ্নগুলোকে সামনে এনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।