ইনফান্তিনোর ওপর আস্থা হারাল উয়েফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেও বিতর্ক থেকে মুক্তি পাচ্ছে না ফিফা। সংস্থাটির সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য আলাদা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চেয়েছিল ফিফা।
তবে উয়েফার ৫৫টি সদস্যদেশ সর্বসম্মতভাবে পরিকল্পনাটির বিরোধিতা করে। প্রবল আপত্তির মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসে ফিফা। উয়েফা এই ঘটনাকে ফুটবলের জন্য জয় হিসেবে দেখলেও পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
উয়েফার বক্তব্য, বর্তমান ফিফা নেতৃত্ব শুধু তাদের নয়, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে। গোপনে এবং দ্রুত এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংস্থাটি।
২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন। টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইচ্ছা রয়েছে ইনফান্তিনোর। তবে উয়েফার প্রকাশ্য অনাস্থা এবং ইউরোপের দেশগুলোর সম্মিলিত বিরোধিতা তাঁর পুনর্নির্বাচনের পথ কঠিন করে তুলতে পারে। এ বিষয়ে ইনফান্তিনো কিংবা ফিফা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
