logo

ফুটবল খেলায় নজিরবিহীন দৃশ্য, এক ম্যাচে ২৪ লাল কার্ড

ফুটবল খেলায় নজিরবিহীন দৃশ্য, এক ম্যাচে ২৪ লাল কার্ড

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার জন্ম হয়েছে। মরবিহান অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ শেষ হয়েছে ২৪টি লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে, যা স্থানীয় ফুটবলের ইতিহাসে বিরল এবং উদ্বেগজনক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

অ্যাভেনির দে গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দে মোরঁ দলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। খেলার সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই ছিল। তবে শেষ বাঁশি বাজতেই শুরু হয় উত্তেজনা, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রথমে দুই দলের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সেটি মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খেলোয়াড়, সমর্থক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাই একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় আঘাতসহ হাতাহাতি চলতে থাকে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফরাসি গণমাধ্যম “Ouest-France” জানিয়েছে, কিছু অংশগ্রহণকারীর হাতে লাঠিও দেখা গেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত ফ্রান্সের জাতীয় প্যারামিলিটারি ফোর্স জেন্ডারমেরি হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

এই বিশৃঙ্খলার মধ্যে ম্যাচের রেফারি পরিস্থিতি সামাল দিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখান। মাঠে থাকা মোট ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন গিলিয়ের এবং ১১ জন মোরঁ দলের খেলোয়াড় বহিষ্কৃত হন। ফরাসি ফুটবলে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি।

এ ঘটনায় স্থানীয় ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আঞ্চলিক শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গোল.কম